
নিজস্ব প্রতিনিধি: : দ্রুততম সময়ে শেষ হলো শ্যামনগরের গ্যারেজ বাজার থেকে হরিনগর বাজার পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়কের কার্পেটিং। এতে স্বস্তি ফিরেছে সড়কটি ব্যবহারকারী কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষের মাঝে।
দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকা সড়কটি ২০২৫-২৬ অর্থ বছরে প্রায় দুই কোটি সত্তর লাখ টাকা ব্যয়ে মেরামতের উদ্যোগ নিয়ে দ্রুততম সময়ে কাজ শেষ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সাতক্ষীরা।
এতে ইতোমধ্যে সুবিধা পাচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসাগামী শিক্ষার্থী, হরিনগর বাজার, গ্যারেজ বাজার, জেলেখালী, মুন্সিগঞ্জ, কচুখালী, মথুরাপুর, ধুমঘাট, হরিনগর, যতীন্দ্রনগর, কুলতলী, কদমতলা, ছোট ভেটখালী, ও বড়ভেটখালীসহ আরও কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষ। একইসাথে চলাচলের সুবিধা পাচ্ছে শ্যামনগর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র সুন্দরবনের কোল ঘেসা হরিনগর বাজারের কয়েকশত ব্যবসায়ী।
বৃহস্পতিবার বিকালে সড়কটি মেরামতের কাজ সরেজমিনে পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সাতক্ষীরার পরীক্ষণ টিম। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী এ, এস, এম তারিকুল হাসান খান, সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, মো: রবিউল ইসলাম, শ্যামনগর উপজেলা প্রকৌশলী এম আব্দুস সামাদ, উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী এ, এস, এম তারিকুল হাসান খান সাড়ে চার কিলোমিটার রাস্তা পায়ে হেটে পরিদর্শন করে রাস্তায় চলাচলকারী উপকারভোগীদের সাথে কথা বলেন।
এসময় কচুখালী গ্রামের গৌর মন্ডল বলেন, আমার বয়স ৭০ বছর হয়েছে। এর আগে এই রাস্তায় তিন বার কাজ হতে দেখেছি। কিন্তু এবারই প্রথম আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করে কাজ হতে দেখলাম। আমার বাড়ি রাস্তার পাশেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি রাস্তার কাজ দেখেছি। এতো দ্রুত কাজটি শেষ হবে আমরা ভাবতেও পারিনি। সবচেয়ে বড় কথা কাজটি দ্রুত করায় সাধারণ মানুষের কোনো ভোগান্তি হয়নি। এতে আমরা খুশি। রাস্তাটি মেরামত হওয়ার ফলে এ অঞ্চলের কয়েকটি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ উপকৃত হয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
