
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল প্রতীক্ষিত ত্ৰি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে । নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যার পর এক বিশাল নির্বাচনী মিছিল ও শোডাউন করেছে টিটু-মামুন পরিষদ।
শ্রমিকদের অধিকার আদায় এবং সংগঠনের সার্বিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে গঠিত প্যানেলটির এই প্রচারণাকে কেন্দ্র করে সাধারণ ভোটার ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সন্ধ্যার পর সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বর থেকে টিটু-মামুন পরিষদের পক্ষে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলটির নেতৃত্ব দেন পরিষদের সভাপতি পদপ্রার্থী মোঃ জাকির হোসেন (টিটু) এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ মামুন-অর-রশিদ।
মিছিলটি বাস টার্মিনাল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শতশত শ্রমিক, চালক, হেলপার ও সমর্থকরা মিছিলে অংশ নেন। অংশগ্রহণকারীদের মুখে ছিল টিটু-মামুন পরিষদের পক্ষে স্লোগান। পুরো এলাকা ব্যানার, ফেস্টুন এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে। সমাবেশে পরিষদের অন্যান্য পদের প্রার্থীরা সহ সংগঠনের বিপুল সংখ্যক সাধারণ সদস্য ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রচারণার শেষ মুহূর্তের এই বিশাল শোডাউন নির্বাচনী মাঠে টিটু-মামুন পরিষদকে সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে বলে মনে করছেন স্থানীয় শ্রমিকরা।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
