
হুসাইন বিন আফতাব:
শ্যামনগরের কৈখালী ইউনিয়নের জয়াখালী এলাকায় সোমবার (১২ জানুয়ারি) সকালে এক জামায়াত কর্মীর ওপর হামলা চালানো হয়েছে। ঘটনায় জামায়াত কর্মী শেখ আব্দুর রহমান (৫০) গুরুতর জখম হন, পাশাপাশি তার গাড়িচালক গোলাম মোস্তফা ও সহযোগী শ্রমিক ইসরাফিল হোসেনও আহত হন।
আহতরা স্থানীয়দের সহায়তায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আব্দুর রহমানের মাথা, হাত ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের কারণে তার অবস্থা গুরুতর এবং আশঙ্কাজনক।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ অনুযায়ী, হামলার নেতৃত্ব দেন কৈখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হোসেন মোল্যা এবং উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। হামলায় আরও ১০ জনের নাম উল্লেখসহ ৭-৮ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত আব্দুর রহমানের ছেলে মামুন হোসেন জানান, তার পিতা নিজের চিংড়ি ঘেরে একটি বসতঘর নির্মাণের তদারকি করছিলেন। এ সময় হঠাৎ ১৭-১৮ জন দেশীয় ধারালো অস্ত্রধারী হামলাকারী এসে তার পিতাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। বাধা দিতে গেলে গাড়িচালক ও শ্রমিকরাও আহত হন।
এই ঘটনায় অভিযুক্তদের বক্তব্য জানতে সাংবাদিকরা চেষ্টা করলেও যুবলীগ সভাপতি আবুল হোসেন মোল্যার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। তবে উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মুঠোফোনে দাবি করেন, তাদের জমিতে জোরপূর্বক বসতঘর নির্মাণের চেষ্টা হওয়ায় সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে এবং হামলার অভিযোগ অস্বীকার করেন।
স্থানীয়রা এই ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
