
আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সোমবার এই ফোনালাপের সময় দুজনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা হয়। রাশিয়ার সঙ্গে এই সংঘাত কীভাবে বন্ধ করা যায়, তা নিয়েও কথা বলেছেন তারা। ফোনালাপের তথ্য দুজনেই এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ফোনালাপের সময় ইউক্রেনে রুশ হামলা নিয়ে মোদিকে সবিস্তারে জানান জেলেনস্কি। ইউক্রেনের শহর ও গ্রামে রুশ হামলার ব্যাপারে অবগত করেন তিনি। এমনকি গতকাল জাপোরিঝিয়া এলাকার বাসস্ট্যান্ডে বোমা হামলার কথাও উল্লেখ করেন জেলেনস্কি।
তিনি মোদিকে বলেন, যেখানে কূটনৈতিকভাবে সমাধানের সম্ভাবনা রয়েছে, সেখানে যুদ্ধবিরতির পরিবর্তে রাশিয়া কেবল এলাকা দখল ও হত্যার মোহে বুঁদ হয়ে আছে।
জেলেনস্কি এক্সে লেখেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমার দীর্ঘক্ষণ ফোনে আলাপ হলো। আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছি, বিশেষ করে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক ও কূটনৈতিক পরিস্থিতি নিয়ে। ইউক্রেনবাসীকে সমর্থন দিয়ে উষ্ম বাক্যবিনিময়ের জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞ।’
এই নেতা আরও লেখেন, ‘এটা গুরুত্বপূর্ণ যে, ভারত আমাদের শান্তি প্রচেষ্টাকে সমর্থন করছে। তারা এই অবস্থানে বিশ্বাস করে যে, ইউক্রেন সম্পর্কিত সবকিছুই ইউক্রেনের অংশগ্রহণের মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া উচিত। অন্যান্য ফরমেটে ফলাফল বয়ে আনবে না।’
এ সময় দুই নেতা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। তাতে জেলেনস্কি উল্লেখ করেছেন, রাশিয়ার জ্বালানি, বিশেষ করে তেলের রপ্তানি সীমিত করা প্রয়োজন, যাতে এই যুদ্ধের ধারাবাহিকতা বজায় রাখার জন্য ক্ষমতা কমানো যায়। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় বৈঠকের ব্যাপারে মোদি সম্মত হয়েছেন বলে জানান জেলেনস্কি।
এই ফোনালাপ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জেলেনস্কিকে ধন্যবাদ জানান। এক্সে তিনি লেখেন, ‘জেলেনস্কির সঙ্গে কথা বলতে পেরে এবং সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি শুনতে পেরে ভালো লাগছে। সংঘাতের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তার বিষয়ে ভারতের দৃঢ় অবস্থান আমি জানিয়েছি। ভারত এই বিষয়ে সম্ভাব্য সব সহায়তার পাশাপাশি ইউক্রেনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
এর আগে সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আলাপ করেছেন মোদি। শুক্রবার পুতিনকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী। এরপর দুজনের মধ্যে দীর্ঘক্ষণ আলাপ হয়। ইউক্রেন ইস্যুসহ দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে কথা হয় তাদের মধ্যে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে দ্বন্দ্ব চলছে ভারতের। রাশিয়ার কাছ থেকে তেল কেনার ‘অপরাধে’ ভারতীয় পণ্যের ওপর জরিমানাসহ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আবহে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা হয় নরেন্দ্র মোদির।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ফোনালাপের কথা নিজেই জানিয়েছেন মোদি। পুতিনকে নিজের ‘বন্ধু’ বলে উল্লেখ করে তিনি লিখেছেন, তাঁরা দু’জনেই ভারত-রাশিয়ার সম্পর্ক আরও মজবুত করার ওপর জোর দিয়েছেন। দুই দেশের কৌশলগত অংশীদারত্ব বৃদ্ধি নিয়েও কথা বলেছেন। পাশাপাশি, ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে পুতিন তাঁকে জানিয়েছেন বলেও লিখেছেন মোদি।
শুক্রবার মোদি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘বন্ধু পুতিনের সঙ্গে খুব ভালো এবং বিস্তারিত কথোপকথন হয়েছে। ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতির কথা জানানোর জন্য তাকে ধন্যবাদ জানাই। আমাদের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে পর্যালোচনা করেছি। ভারত ও রাশিয়ার বিশেষ কৌশলগত অংশীদারত্ব বৃদ্ধি নিয়েও আলোচনা করেছি। চলতি বছরে পুতিনকে এ দেশে স্বাগত জানানোর জন্য মুখিয়ে আছি।’
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
