Breaking News

মরক্কোর সঙ্গে ড্র: ব্রাজিলের ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ণ

Spread the love

স্পোর্টস ডেস্ক:
বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপে সাফল্যের চূড়ায় থাকা সেলেসাওদের মুকুটে যুক্ত হলো আরও একটি গৌরবময় পালক। বিশ্বকাপের প্রথম ম্যাচে অপরাজিত থাকার অনন্য ও ঐতিহাসিক কীর্তিটি এবারও হাতছাড়া হতে দেয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। স্বপ্নের এই বৈশ্বিক আসরে দীর্ঘ ৯২ বছরের পথচলায় উদ্বোধনী ম্যাচে হারেনি ব্রাজিল। সেই সোনালি ধারাবাহিকতা বজায় রেখেই ২০২৬ বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করল লাতিন আমেরিকার পরাশক্তিরা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শক্তিশালী মরক্কোর বিপক্ষে টানটান উত্তেজনার লড়াই শেষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে সেলেসাওরা। আর এই ড্রয়ের মধ্য দিয়েই অক্ষুণ্ণ রইল বিশ্বকাপে ব্রাজিলের প্রায় শতবর্ষী সেই অপরাজেয় রেকর্ড।

রোববার ভোরে নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ সি এর ম্যাচে শুরুতেই চাপে পড়ে ব্রাজিল। ম্যাচের ২১ মিনিটে ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। গোল হজমের পর আক্রমণ বাড়ায় ব্রাজিল এবং এর ফলও পায় দ্রুত। ৩২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতায় ফেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও আর কোনো গোল আসেনি। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

এই ফলাফলে সবচেয়ে বড় স্বস্তি ব্রাজিলের জন্য তাদের ঐতিহাসিক রেকর্ড অক্ষুণ্ন থাকা। ১৯৩৪ সালের পর থেকে বিশ্বকাপের প্রথম ম্যাচে আর হারেনি তারা, সেই ধারাবাহিকতা এবারও বজায় থাকল।

ম্যাচে পরিসংখ্যানেও দেখা যায় লড়াই ছিল সমানতালে। বল দখলে এগিয়ে ছিল ব্রাজিল, তবে আক্রমণে পাল্টা জবাব দিয়েছে মরক্কো। ফলে ম্যাচটি শেষ পর্যন্ত সমতায় গড়ানোই ছিল স্বাভাবিক ফল। ড্রয়ের ফলে গ্রুপ সি তে দুই দলই একটি করে পয়েন্ট পেল।

তবে এই ম্যাচের পর নকআউট পর্বে যেতে হলে পরবর্তী ম্যাচগুলোতে জয় নিয়ে ভাবতে হবে ব্রাজিলকে। মরক্কোর বিপক্ষে ম্যাচে অবশ্য খেলার সুযোগ পাননি দলের সেরা তারকা নেইমার।

About dainiksatkhira24

Check Also

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

Spread the loveডেস্ক রিপোর্ট:মিরপুরে জীবন পেয়েও ইনিংস বড় করতে পারলেন না ওপেনার মাহমুদুল হাসান জয়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com