Breaking News

অপ্রতিমের ঘটনায় বিচার চাইলেন মুশফিক-রুবেল

Spread the love

স্পোর্টস ডেস্ক:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের নিখোঁজ ও পরে মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম, সাবেক পেসার রুবেল হোসেনসহ ক্রিকেট অঙ্গনের অনেকে।

ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মুশফিকুর রহিম অপ্রতিমের অকালমৃত্যুকে হৃদয়বিদারক বলে উল্লেখ করেন। তিনি বলেন, যে বয়সে একটি শিশুর হাসি, খেলাধুলা ও স্বপ্ন নিয়ে বেড়ে ওঠার কথা, সেই বয়সেই তাকে এভাবে চলে যেতে হয়েছে। অপ্রতিমের পরিবার, বিশেষ করে তার মায়ের জন্য এই শোক অত্যন্ত গভীর বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়ে মুশফিক বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সবার সামনে আনা প্রয়োজন। যারা দায়ী, তাদের আইনের আওতায় এনে যথাযথ বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানি বা অন্যায়ের শিকার না হন, সেদিকেও নজর রাখার কথা বলেন এই ক্রিকেটার।

এদিকে শিশুদের নিরাপত্তা নিয়ে রাজনৈতিক অঙ্গনের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রুবেল বলেন, তেল-গ্যাস সংকট সময়ের সঙ্গে সমাধান হতে পারে। কিন্তু কোনো শিশুর নিখোঁজ হওয়া কিংবা মরদেহ হয়ে ঘরে ফেরার ঘটনা মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, অপরাধী যে-ই হোক বা যে দলেরই হোক, কোনো পরিচয় কিংবা প্রভাব যেন তাকে রক্ষা করতে না পারে। অপরাধীর পরিচয় একটাই—সে অপরাধী। দেশের আইনশৃঙ্খলা ও আইনি ব্যবস্থা আরও কঠোর ও কার্যকর করার আহ্বান জানান তিনি।

শিশুদের ওপর সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে রুবেল আরও বলেন, শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া উচিত নয়। আর কোনো বাবা-মায়ের বুক খালি হোক, তা তিনি চান না। জনগণ আশ্বাস নয়, নিরাপদ বাংলাদেশ ও দৃশ্যমান পদক্ষেপ চায় বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ী এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছর বয়সী অপ্রতিম। এরপর সে আর বাড়ি ফেরেনি। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। মরদেহ উদ্ধারের পর ঘটনাটি তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

About dainiksatkhira24

Check Also

অবিশ্বাস্য লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা

Spread the love স্পোর্টস ডেস্ক: ১২০ মিনিটের দীর্ঘ লড়াই। আর্জেন্টিনার এগিয়ে যাওয়া। অন্যদিকে, কেপ ভার্দের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com