২২ প্রাণহানি সত্ত্বেও পদত্যাগ করবেন না মাদাগাস্কারের প্রেসিডেন্ট

Spread the love

আন্তজার্তিক ডেস্ক: ভারত মহাসাগরে অবস্থিত আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা তার পদত্যাগের দাবিতে দেশজুড়ে চলা জেন-জি তরুণদের আন্দোলন উপেক্ষা করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। বরং তিনি অভিযোগ করেছেন, বিরোধীরা এই আন্দোলনের সুযোগ নিয়ে অভ্যুত্থানের ষড়যন্ত্র করছে। শুক্রবার (৩ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, রাজধানী আনতানানারিভোতে আবারও বিক্ষোভকারীরা রাস্তায় নামে। জনগণের মৌলিক সেবা, যেমন পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রেসিডেন্ট ব্যর্থ হয়েছেন—এই অভিযোগে ‘জেন-জি’ নামে পরিচিত আন্দোলনটি তার পদত্যাগ দাবি করছে।

জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর আন্দোলন শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছে। শুক্রবার রাজধানীতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে, যার দৃশ্য ‘রিয়েল টিভি মাদাগাসিকার’ প্রচার করে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা বলেন, ‘জাতি ধ্বংস হলে কারও উপকার হবে না। আমি এখানে আছি, আমি শোনার জন্য প্রস্তুত, সহযোগিতার হাত বাড়াতে প্রস্তুত এবং মাদাগাস্কারের সমস্যার সমাধান করতে চাই।’ তিনি প্রমাণ ছাড়াই দাবি করেন, কিছু রাজনীতিক এই আন্দোলনের সুযোগ নিতে চাইছেন এবং গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেওয়ার সময় তারা অভ্যুত্থানের পরিকল্পনাও করেছিলেন।

প্রেসিডেন্টের বক্তব্যকে ‘অর্থহীন’ বলে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে জেন-জি আন্দোলন। তারা ঘোষণা দিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবির বিষয়ে ইতিবাচক সাড়া না পেলে তারা সব ধরনের কঠোর পদক্ষেপ নেবেন। বিক্ষোভ শুধু রাজধানীতেই সীমাবদ্ধ নয়, উত্তরাঞ্চলীয় উপকূলীয় শহর মাহাজাঙ্গা এবং দক্ষিণাঞ্চলের তোইলারা ও ফিয়ানারান্টসোয়াতেও ছড়িয়ে পড়েছে।প্রচুর প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, মাদাগাস্কার বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে অন্যতম; ২০২২ সালে দেশটির ৩ কোটি ২০ লাখ মানুষের মধ্যে ৭৫ শতাংশই দারিদ্র্যসীমার নিচে বাস করত। অবস্থার অবনতি ঠেকাতে রাজোয়েলিনা গত সোমবার সরকার ভেঙে দিয়ে আলোচনার আহ্বান জানান।এদিকে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী রাসাতা রাফারাভাভিতাফিকা দাবি করেছেন যে, মাদাগাস্কার ‘বড় ধরনের সাইবার হামলা’ এবং ‘টার্গেটেড ডিজিটাল প্রোপাগান্ডার’ মুখে পড়েছে। তার দাবি, ‘আমাদের বিশেষায়িত ইউনিটের বিশ্লেষণে দেখা গেছে, বিদেশ থেকে উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই অভিযান চালানো হচ্ছে।’

উল্লেখ্য, রাজধানীর সাবেক মেয়র রাজোয়েলিনা প্রথম ক্ষমতায় আসেন ২০০৯ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে। আন্তর্জাতিক চাপের মুখে ২০১৩ সালের নির্বাচন থেকে সরে দাঁড়ালেও, তিনি ২০১৮ সালে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ফেরেন এবং ২০২৩ সালে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন।

 

About dainiksatkhira24

Check Also

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

Spread the loveডেস্ক রিপোর্ট: রাশিয়ার ভূখণ্ডে ইতোমধ্যে ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা অবস্থান করছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com