
নিউজ ডেস্ক:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার হিসেবে ৫০০ কেজি সুগন্ধি চিনিগুড়া চাল ভারতে পাঠিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চালভর্তি একটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় প্রবেশ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চালগুলো ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাঝে উপহার হিসেবে বিতরণ করা হবে।
সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল চালগুলো কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করে পাঠায়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রাজীব ভূঁইয়া বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী উপহার চাল পাঠানো হয়েছে।
আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান জানান, মন্ত্রণালয়ের নির্দেশে প্রয়োজনীয় সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে বিভিন্ন উপহার পাঠানো হয়। এবারও চালের পাশাপাশি ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
