
ফারুক সাগর : সাতক্ষীরার তালা উপজেলায় পৃথক দুটি দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পাটকেলঘাটা ও তালা উপজেলার পৃথক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ পরিবহনের একটি বাস খাদে পড়ে ঘটনাস্থলেই এক পথচারী নিহত হয়েছেন।মঙ্গলবার (২৫ আগস্ট) পাটকেলঘাটার শাকদাহ বটতলা মোড় সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আনন্দ সাধু (৫৮) শাকদাহ গ্রামের নিত্যানন্দ সাধুর পুত্র।
স্থানীয়রা জানায়,ঢাকা থেকে সাতক্ষীরা উদ্দেশ্যে ছেড়ে আসা সোহাগ পরিবহনের বাসটি ভোরের দিকে শাকদাহ বটতলা মোড় সংলগ্ন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। ঘাতক পরিবহনকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।অপরদিকে উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের জাতপুর এলাকায় পৃথক দুর্ঘটনায় পারুল দাস (৭৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি খুলনার ডুমুরিয়া থানার আরশনগর গ্রামের হরিদাসের স্ত্রী।স্থানীয়রা জানায়, সকালে জাতপুর এলাকায় সড়কের পাশে পারুল দাসীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায় নাই।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কার সিদ্দিকী জানান, সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ বিষয়টি জানতে পারে। তবে কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, তা তদন্ত সাপেক্ষ বলা যাবে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
