Breaking News

রিয়াদে ইয়েমেনের হুথিদের হামলা

Spread the love

ডেস্ক রিপোর্ট: ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। শুক্রবার ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সৌদি নেতৃত্বাধীন জোটের ‘বিশেষ অভিযানের’ প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ার পর এ হামলা চালানো হয়।
শনিবার (২১ নভেম্বর) ভোরে রিয়াদে সম্ভাব্য আকাশপথে হামলার বিষয়ে সতর্কতাও জারি করেছিল সৌদি কর্তৃপক্ষ।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ শনিবার ভোরে রাজধানীর বাসিন্দাদের সতর্ক করে। সতর্কবার্তায় রিয়াদে শত্রুপক্ষের আকাশপথে হামলার আশঙ্কার কথা জানানো হয়। পরে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, রাজধানীর দিকে ছুটে আসা হুতিদের তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, সতর্কতা জারির কিছুক্ষণ পর রিয়াদে দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পান তিনি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কর্তৃপক্ষ সতর্কবার্তা প্রত্যাহার করে নেয়। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় হুথিরা সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর কথা জানায়। তাদের লক্ষ্যবস্তুর তালিকায় রাজধানী রিয়াদও রয়েছে।

এর আগে বৃহস্পতিবার হুথিদের হামলায় রিয়াদের একটি সুউচ্চ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভবনটিতে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) কার্যালয় রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

শুক্রবার সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বন্দরনগরী হোদেইদা, সানা, সাদা ও তাইজসহ বিভিন্ন এলাকায় সামরিক অভিযান চালায়। জোটের দাবি, চোরাচালান এবং অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিবহনে ব্যবহৃত স্থাপনাগুলো লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, হোদেইদা বন্দরে চোরাচালান ও অস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং একটি সরবরাহকেন্দ্রেও আঘাত হানা হয়েছে বলে এক্সে দেওয়া পোস্টে উল্লেখ করেন তিনি।

তুর্কি আল-মালিকি আরও জানান, ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের জিজান অঞ্চলের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে সেগুলোর ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় গিয়ে পড়ে।লোহিত সাগরের উপকূলীয় শহর মোচায় একটি বিদ্যুৎকেন্দ্রে সৌদি আরবের বিমান হামলার পরের অবস্থা।অন্যদিকে হুথিদের সামরিক মুখপাত্র দাবি করেছেন, তাদের বাহিনী সৌদি আরবের আল-শুকাইক বিদ্যুৎকেন্দ্র ও জিজান বন্দরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সরাসরি হামলা চালিয়েছে। এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি। তবে এসব দাবির স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।হোদেইদা ও অন্যান্য এলাকায় সৌদি জোটের হামলার পর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল হুথিরা। তাদের পক্ষ থেকে সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জেদ্দাসহ বিভিন্ন বন্দরে হামলার আশঙ্কার কথাও জানানো হয়। পাশাপাশি বিমান সংস্থাগুলোকে সৌদি আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়।হুথিদের বিবৃতিতে সৌদি আকাশসীমাকে সম্ভাব্য সামরিক অভিযানের ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়। তবে মক্কা ও মদিনার আকাশসীমাকে তাদের ঘোষিত হুমকির বাইরে রাখা হয়েছে। এ ছাড়া রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট এড়িয়ে চলার জন্যও সাধারণ মানুষকে সতর্ক করেছে গোষ্ঠীটি। এলাকাটিকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করার পাশাপাশি কয়েক সপ্তাহ আগেই সেখানকার বিভিন্ন কার্যালয় খালি করা হয়েছিল বলে জানা গেছে।

হতাহতের সংখ্যা নিয়েও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি দাবি রয়েছে। হুথিদের ভাষ্য, গত ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় ইয়েমেনে ৪১ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর দাবি, বিমান ও ড্রোন হামলার পাশাপাশি কামানের গোলাবর্ষণে ১৯৩ জন হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন। তবে কোনো পক্ষের দেওয়া হতাহতের পরিসংখ্যানই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইয়েমেনে দীর্ঘদিনের গৃহযুদ্ধের মধ্যে গত জুলাইয়ে চার বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে সংঘাত আবারও তীব্র হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিচ্ছে সৌদি আরব। বিপরীতে ইরানের সমর্থনপুষ্ট হুতিরা সরকারবিরোধী লড়াই চালিয়ে যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে হুথিরা লোহিত সাগরের বাব আল-মানদেব প্রণালির কাছাকাছি কয়েকটি এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বাহিনী চলতি মাসে এসব এলাকা থেকে পিছু হটার পর পরিস্থিতির আরও অবনতি ঘটে। গত সেপ্টেম্বরে বড় ধরনের সামরিক অভিযান শুরু করা হুতিরা এখন সরকারের অন্তর্বর্তী রাজধানী এডেনের কাছাকাছি পৌঁছে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০১৪ সালে রাজধানী সানা দখলের পর ইয়েমেন সরকার এডেনে আশ্রয় নিয়েছিল।

উল্লেখ্য, ২০১৫ সালের শুরুতে হুথিদের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপ শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। দীর্ঘদিনের এই সংঘাতে কয়েক লাখ মানুষের প্রাণহানি ঘটেছে এবং দেশটিতে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় শুক্রবার উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।

 

About dainiksatkhira24

Check Also

মৃত্যুদণ্ড স্থগিতের জাতিসংঘের প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ

Spread the loveডেস্ক রিপোর্ট: মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানিয়ে জাতিসংঘে আনা একটি প্রস্তাবে ভোটদানে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com