Breaking News

তালায় টানা ভারী বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি

Spread the love

জহর হাসান সাগর: তালা উপজেলায় বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা তিন দিনের ভারী বৃষ্টি ও দমকা হাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ধান ঘরে তোলার শেষ মুহূর্তে এমন বৈরী আবহাওয়ায় বিপাকে পড়েছেন উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে অনেক ধানখেত। কোথাও কোথাও পাকা ও আধাপাকা ধানগাছ পানিতে ডুবে আছে, আবার দমকা হাওয়ায় মাটিতে নুয়ে পড়েছে ধানগাছ। এতে চলতি মৌসুমে কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা।সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টিতে নিচু জমিগুলোতে পানি জমে আমন ধানের ক্ষেত তলিয়ে গেছে। অনেক জমিতে হাঁটুসমান পানি জমে থাকায় ধান কাটতে পারছেন না কৃষকরা। কোথাও কোথাও ধানগাছ পানির নিচে ডুবে থাকায় পচন ও ধানের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।পরিস্থিতি সামাল দিতে অনেক কৃষক নিজেদের উদ্যোগে সেচযন্ত্র ও পাম্পের মাধ্যমে জমি থেকে পানি নিষ্কাশনের চেষ্টা করছেন। কেউ কেউ অতিরিক্ত খরচ করে জমির পানি সরিয়ে ধান রক্ষার চেষ্টা চালাচ্ছেন। তবে টানা বৃষ্টির কারণে একদিকে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে, অন্যদিকে নতুন করে বৃষ্টি হলে সেই চেষ্টাও বিফলে যাওয়ার আশঙ্কা করছেন তারা।স্থানীয় কৃষকরা জানান, সারা বছরের খাদ্য ও জীবিকার অন্যতম প্রধান ভরসা আমন ধান। ধারদেনা করে জমি চাষ, সার, কীটনাশক ও সেচের পেছনে অনেক টাকা খরচ করেছেন তারা। ধান পাকার পর ঘরে তোলার প্রস্তুতি চলছিল। ঠিক এমন সময় টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় তাদের স্বপ্নে আঘাত লেগেছে। এখন ধান কাটার পাশাপাশি জমির পানি সরাতেও বাড়তি শ্রম ও অর্থ ব্যয় করতে হচ্ছে।শুধু আমন ধান নয়, অতিবৃষ্টিতে আগাম শীতকালীন শাকসবজি ও সরিষার ক্ষেতেও পানি জমে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, বিভিন্ন স্থানে খাল-বিলের পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্ত হওয়ায় বৃষ্টির পানি দ্রুত নামতে পারছে না। ফলে দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।কৃষকদের আশঙ্কা, দ্রুত জমি থেকে পানি নিষ্কাশন করা না গেলে পানিতে ডুবে থাকা ধান পচে যেতে পারে। এতে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়বেন উপজেলার বহু প্রান্তিক কৃষক।এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা এবং কৃষি বিভাগের মাধ্যমে ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

About dainiksatkhira24

Check Also

তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

Spread the loveফারুক সাগর : সাতক্ষীরার তালায় অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এবং ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নে সুশীল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com