Breaking News

জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে

Spread the love

নিউজ ডেস্ক:
নিবন্ধিত রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে ভোট করতে হবে— এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার।

সোমবার (২ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে অধ্যাদেশটির গেজেট প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি আইনের সব সংস্কার কার্যক্রম সম্পন্ন হলো।

এর আগে গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর বিএনপি এ ধারার বিরোধিতা করে দাবি জানায়, জোটভিত্তিক নির্বাচনে এক দলের প্রার্থী অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবে। কিন্তু জামায়াতে ইসলামী ও ন্যাশনাল কনসেনসাস পার্টি (এনসিপি) ২০ ধারার সংশোধন বহাল রাখার পক্ষে অবস্থান নেয়।

রাজনৈতিক দলগুলোর এই টানাপড়েনের মধ্যেই সরকার আগের প্রস্তাব অনুযায়ী অধ্যাদেশ জারি করেছে। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো নিবন্ধিত দল জোট করলেও জোটের মনোনীত প্রার্থী অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না; তাকে নিজের দলের প্রতীকেই ভোট করতে হবে।

আরপিও সংশোধন ছাড়াও নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন ও নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন করেছে। পাশাপাশি ভোটকেন্দ্র নীতিমালা, দেশি ও বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা এবং সাংবাদিকদের আচরণবিধিও হালনাগাদ করা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, আরপিও সংশোধনের পর নতুন বিধান অনুযায়ী ‘দল ও প্রার্থীর আচরণবিধি’ শিগগিরই জারি করা হবে।

About dainiksatkhira24

Check Also

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ

Spread the love নিউজ ডেস্ক: দীর্ঘ এক দশকের প্রস্তুতি, অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com