
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা সদর হাসপাতাল প্রাঙ্গণে আজ বুধবার সকাল ১০টায় জেলা শাখার ব্যানার ও ফেস্টুন নিয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে অংশগ্রহণ করেন। জেলার বিভিন্ন হাসপাতাল, উপ-স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে কর্মরত এই পেশাজীবীরা তাদের ন্যায্য গ্রেড বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় বেতন কাঠামো অনুযায়ী ১০ম গ্রেড কার্যকর করার দাবি জানানো হচ্ছে, কিন্তু এখনো তা বাস্তবায়িত হয়নি। এর ফলে তারা পেশাগতভাবে বঞ্চিত ও অনুৎসাহিত হচ্ছেন। বক্তারা অভিযোগ করেন, একই যোগ্যতা ও দায়িত্ব পালন করেও অন্যান্য সমমানের ক্যাডারের পেশাজীবীরা যথাযথ গ্রেড পাচ্ছেন, কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা নিয়মিত বৈষম্যের শিকার হচ্ছেন।
বক্তারা আরও উল্লেখ করেন, দেশের স্বাস্থ্যসেবায় টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ল্যাব রিপোর্ট, ডায়াগনস্টিক সেবা, ওষুধ সরবরাহ থেকে শুরু করে রোগ নির্ণয় পর্যন্ত তাদের কাজ সরাসরি জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত। তাই তাদের ন্যায্য গ্রেড প্রদানের দাবি সময়ের দাবি।
সমাবেশে জানানো হয়, দাবিপূর্ণ গ্রেড বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম (মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওলজি), আব্দুর রহমান (মেডিকেল টেকনোলজি, ল্যাব), সৈকত হোসেন (মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাব), লুৎফর রহমান, পবিত্র মন্ডল ও নাজমুল হাসান প্রমুখ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
