
স্টাফ রিপোর্টার:
তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে উপকূলীয় জেলা সাতক্ষীরায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকাল থেকে জেলার সর্বত্র শীতের তীব্রতা আরও বেড়ে যায়, সঙ্গে যুক্ত হয় ঘন কুয়াশা। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
শীত নিবারণে সামর্থ্যবানরা কিছুটা স্বস্তি পেলেও চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও দিনমজুররা। শীত থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় গরম কাপড় কেনার সামর্থ্য না থাকায় তাদের কষ্ট আরও বেড়েছে।
সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় গিয়ে দেখা গেছে, প্রচণ্ড শীত উপেক্ষা করেই শ্রমজীবী মানুষ ঘর ছেড়ে ফসলের মাঠে কাজ করছেন জীবিকার তাগিদে। ভ্যানচালকরাও দেরিতে হলেও আয়ের সন্ধানে রাস্তায় নেমেছেন। শীত থেকে কিছুটা স্বস্তি পেতে চায়ের দোকানগুলোতে সকাল থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
এদিকে সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, গত কয়েক দিন ধরে কুয়াশার কারণে জেলায় শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি অনুভূত হচ্ছে। তিনি বলেন, “আজ সকালে সাতক্ষীরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং দুপুরে তা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি আরও তীব্র হচ্ছে।”
আবহাওয়া পরিস্থিতি এমনই থাকলে আগামী কয়েক দিন শীতের প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে শীতবস্ত্র বিতরণসহ দরিদ্র ও অসহায় মানুষের প্রতি সহায়তার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
