
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পত্র দাখিল করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তিনি কলারোয়া উপজেলা
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা জেবুন নাহার এ সময় প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণের পরামর্শ দেন। মনোনয়ন দাখিলের আগে নিজ বাড়িতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে নির্বাচনী আচরণবিধি মেনে পাঁচজন প্রস্তাবক ও সমর্থককে সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়ন জমা দেন বিএনপির এই নেতা।
মনোনয়ন দাখিল শেষে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাকে ৭০ বছর কারাদণ্ড দিয়ে কারাগারে মেরে ফেলতে চেয়েছিল। কখনো ভাবিনি আবার নির্বাচন করার সুযোগ পাবো। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে মুক্তির পর আজ তা সম্ভব হয়েছে। আমার কাছে এটি দ্বিতীয় জন্মের মতো।”
তিনি আরও বলেন, “আমার দ্বারা কোনো চাঁদাবাজি কিংবা ধান্দাবাজি হবে না। যারা এ ধরনের অপকর্মে জড়াবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। মাদক একটি ভয়াবহ সামাজিক সমস্যা। নির্বাচিত হলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। প্রশাসনকে সঙ্গে নিয়ে তালা-কলারোয়া এলাকাকে মাদকমুক্ত করা হবে।”
জনগণের প্রতি অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, “আমি কখনো জনগণকে ছেড়ে যাইনি। সব সময় তাদের পাশে থেকেছি। অতীতে সংসদ সদস্য থাকাকালীন ব্যাপক উন্নয়ন কাজ করেছি। এবারও বিজয়ের ব্যাপারে আমি আশাবাদী।”
এদিকে জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করেছেন। গতকাল পাঁচজন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। আজও জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন দাখিলের কার্যক্রম চলমান রয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
