
নিজস্ব প্রতিনিধি:
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৭টার পর দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা অমান্য করায় সাতক্ষীরার শ্যামনগরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাতে উপজেলার নকিপুর ও হায়বাদপুর এলাকায় পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্ধারিত সময় অতিক্রম করার পরও দোকান খোলা রাখার অভিযোগে ‘নাহার বেবি শপ অ্যান্ড ভ্যারাইটি স্টোর’সহ তিনটি প্রতিষ্ঠানকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আদালত সংশ্লিষ্টরা জানান, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা কার্যকর করতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রথম পর্যায়ে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি ন্যূনতম জরিমানা করা হয়েছে। তবে ভবিষ্যতে কেউ একই ধরনের অপরাধ করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
