
পাইকগাছা প্রতিনিধি:খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে জনসাধারণের সহযোগিতায় ১৭ পিস ইয়াবাসহ এক মুদি দোকানদার ও দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।রোববার গভীর রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের তালতলা সড়কের ঘাটকান্দা শামীম মোড়লের মুদি দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন—কাশিমনগর এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. ফরহাদ হোসেন রাশিফ (২২), মো. নাসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ নাহিদ খান (২৪) এবং দোকান মালিক ও চা দোকানি সামাদ মোড়লের ছেলে মোহাম্মদ শামীম মোড়ল (২৬)।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই মুদি ও চা দোকানের আড়ালে গোপন মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন অভিযুক্তরা। রাতের বেলা দোকানের সাটার নামিয়ে বা আড়ালে গভীর রাত পর্যন্ত মাদক কেনাবেচা চলত। রোববার রাতে স্থানীয় জনসাধারণের সন্দেহ হলে তারা পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত দেড়টার দিকে ওই দোকানে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে ১৭ পিস ইয়াবাসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
