
আবিদ হোসেন :
সাতক্ষীরার কালীগঞ্জে র্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৬-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে কালীগঞ্জ থানাধীন বাগবাটি গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৩২৪ বোতল ফেন্সিডিল সদৃশ কোডিন ফসফেট মিশ্রিত নিষিদ্ধ এসকাফ (Eskuf) কাশির সিরাপসহ মোঃ সবুর গাজী (২৫) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করে।
র্যাব সূত্রে জানা যায়, অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়া। গ্রেপ্তারকৃত সবুর গাজী দেবহাটা থানার হাদিপুর গ্রামের রবিউল গাজীর ছেলে।
অভিযানকালে উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আসামিকে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(গ) ও ৪১ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নং-১৫)।
র্যাব জানিয়েছে, মাদক নির্মূল ও অবৈধ মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
