
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় টিকটক করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্বামী ও শাশুড়ির ওপর অভিমান করে ফারহানা খাতুন (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা পশ্চিমপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ফারহানা খাতুন ওই এলাকার মানিকের স্ত্রী এবং একই গ্রামের খোকনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, দেড় বছর আগে ফারহানা ও মানিকের বিয়ে হয়। বিয়ের পর থেকেই টিকটক করা নিয়ে স্বামী ও শাশুড়ির সঙ্গে তার প্রায়ই পারিবারিক কলহ চলছিল।
ঘটনার দিন বিকেলে ফারহানা টিকটক করতে চাইলে স্বামী ও শাশুড়ি তাকে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সবার অজান্তে ফারহানা ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।
পরবর্তীতে তাকে খুঁজে না পেয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যরা ফারহানাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহ. মাসুদুর রহমান গৃহবধূ ফারহানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
