
কামরুল হাসান:
কলারোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, আদর্শিক চর্চা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।
শনিবার (২৭ জুন) দিনব্যাপী কলারোয়া আছির উদ্দীন-শায়েদা মিলনায়তনে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল ইউনিয়নের ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি অংশগ্রহণ করেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ কামারুজ্জামানের সভাপতিত্বে ও নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, জেলা ইউনিট সদস্য মাওলানা মো. ওমর আলী এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম।
এছাড়া উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য, ইউনিয়ন আমীর ও সেক্রেটারিগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. ওসমান গনী।
দিনব্যাপী এ শিক্ষা শিবিরে বিভিন্ন বিষয়ভিত্তিক সেশন, আলোচনা ও সাংগঠনিক দিকনির্দেশনার মাধ্যমে অংশগ্রহণকারী নেতৃবৃন্দকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নির্দেশনা প্রদান করা হয়।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
