
আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য সুখবর নিয়ে এসেছে দেশটির সরকার। ২০২৬ সালের জানুয়ারি থেকে বিদেশি নাগরিক ও প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট কিছু অঞ্চলে সম্পত্তি কেনার সুযোগ পাবে। সম্প্রতি সৌদি মন্ত্রিসভা এ বিষয়ে নতুন একটি আইন অনুমোদন করেছে, যা দেশটির অর্থনীতিকে বহুমুখীকরণ এবং ‘ভিশন ২০৩০’ লক্ষ্যের অংশ হিসেবে গৃহীত হয়েছে।
প্রথম পর্যায়ে রিয়াদ, জেদ্দা এবং নিওমের মতো আধুনিক নগরগুলোতে এই বিনিয়োগের সুযোগ দেওয়া হবে। পরবর্তীতে আরও কিছু অঞ্চল নির্ধারণ করা হবে, যেগুলোর তালিকা সরকারিভাবে প্রকাশ করা হবে। তবে ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন শহর মক্কা ও মদিনায় সম্পত্তি কেনার ক্ষেত্রে থাকবে কঠোর নিয়ন্ত্রণ, এবং এসব স্থানে বিদেশিদের বিনিয়োগের জন্য বিশেষ অনুমোদন নিতে হবে।
এই আইনের পূর্ণ বাস্তবায়নের আগে সৌদি সরকার ‘ইস্তিতা’ নামে একটি পরামর্শভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্মে ১৮০ দিনব্যাপী মতামত গ্রহণ ও প্রাথমিক নির্দেশিকা প্রকাশ করবে। এর মাধ্যমে বিদেশি নাগরিক ও বিনিয়োগকারীরা বিভিন্ন নিয়মনীতি সম্পর্কে জানতে পারবেন এবং নির্ধারিত অঞ্চলগুলোর তথ্য পর্যবেক্ষণ করতে পারবেন।
বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তে সৌদি আবাসন ও বাণিজ্যিক খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। দুবাই বা দোহার মতো শহরে বিদেশি বিনিয়োগ ইতিমধ্যে অর্থনীতিতে বড় অবদান রেখেছে। সৌদি আরব সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে রিয়াদ ও জেদ্দাকে আন্তর্জাতিক বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায়।
সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের নাগরিকদের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই এই নীতিমালা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য তৈরি করা হবে নিরাপদ, স্বচ্ছ ও কার্যকর পরিবেশ।
প্রবাসীদের প্রতি পরামর্শ, ‘ইস্তিতা’ প্ল্যাটফর্মের নিয়মিত আপডেট পর্যবেক্ষণ এবং আসন্ন নীতিমালার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার প্রস্তুতি এখন থেকেই নেওয়া উচিত। ২০২৫ সালের শেষ নাগাদ পূর্ণাঙ্গ নীতিমালা ও অঞ্চলভিত্তিক নির্দেশনা প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
