
জহর হাসান সাগর : তালা উপজেলার ৬নম্বর তালা সদর ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সার ব্যবসায়ী মোঃ শাহিনুর ইসলাম।বুধবার (৪ নভেম্বর) তালা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।মোঃ শাহিনুর ইসলাম মেসার্স মারিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। তিনি জানান, দীর্ঘ ১৭ বছর ধরে তালা
বাজারে সুনামের সঙ্গে সার ও কীটনাশকের ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি সরকার নতুনভাবে সার ডিলার নিয়োগের নির্দেশনা প্রদান করলে তালা উপজেলায় প্রকৃত ও অভিজ্ঞ ব্যবসায়ীদের বঞ্চিত করে অনিয়মের মাধ্যমে মেসার্স নূরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ আব্দুল্লাহ আল মামুনকে সার ডিলারশিপ প্রদান করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, যাঁকে ডিলারশিপ দেওয়া হয়েছে, তাঁর নিজস্ব কোনো সার ব্যবসা কিংবা ব্যবসায়িক অভিজ্ঞতা নেই। তাঁর পরিবারের সদস্যদের সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে এবং তাঁর ভাই সার সাব-ডিলার হিসেবে ব্যবসা করেন। এমনকি সাধারণ কৃষকরাও তাঁকে সার ডিলার হিসেবে চান না বলে তিনি দাবি করেন।
তিনি আরো বলেন, গোডাউন তদন্তের সময় সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে ইরানি হোমিও ফার্মেসির ব্যবসা পরিচালিত হচ্ছিল। অথচ ওই স্থানকে সার গোডাউন হিসেবে দেখানো হয়েছে, যা তদন্তের ক্ষেত্রে নিয়মবহির্ভূত বলে অভিযোগ করেন তিনি।
এ সময় সংবাদ সম্মেলন থেকে তিনটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— সার ডিলার নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে পুনরায় যাচাই-বাছাই করা, তদন্তের মাধ্যমে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বিতর্কিত ডিলারশিপ বাতিল করে প্রকৃত সার ব্যবসায়ীকে ডিলারশিপ প্রদান এবং এলাকার কৃষকদের কাছে সঠিক ও সুষ্ঠুভাবে সার সরবরাহ নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে মোঃ শাহিনুর ইসলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। উল্লেখ্য যে বর্তমান স্যারের ডিলার প্রাপ্ত ব্যক্তির পিতা মোঃ আবুল কালাম বিশ্বাস তালা উপজেলা বিআরডিবির চেয়ারম্যান হিসেবে কর্মরত আছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
