জমি দখলচেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, পাল্টা মামলায় জামিন পেয়ে নিরাপত্তা চাইলেন আইনজীবী

Spread the love
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হলেও এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি। এরই মধ্যে পাল্টা মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে আদালত প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেছেন আইনজীবী অ্যাডভোকেট এমডি সাইফুল্লাহ।
মঙ্গলবার (৫ মে) দুপুরে সাতক্ষীরা আদালত চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৬ এপ্রিল সকালে শহরের পুরাতন মহিলা মাদরাসা এলাকায় তার ক্রয়কৃত জমিতে পূর্ব পরিকল্পিতভাবে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র ও লোহার রড নিয়ে হামলা চালায়। তারা জমির গাছপালা ও স্থাপনা ভাঙচুর করে দখলের চেষ্টা চালায় এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ সময় সংঘর্ষে অন্তত তিনজন আহত হন।
তিনি আরও জানান, নিজের জীবনের নিরাপত্তার জন্য তিনি ভবনের দ্বিতীয় তলায় আশ্রয় নেন এবং সেখান থেকে ঘটনার ভিডিও ধারণ করেন। পরে থানায় লিখিত অভিযোগ করলে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়।
এর প্রেক্ষিতে গত ৩ মে তিনি আইন-শৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আইনের ৪/৫ ধারায় সাতক্ষীরার আমলী-১ নং আদালতে মামলা দায়ের করেন। মামলায় সোহাগ সরদারসহ ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানাকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
তবে অভিযোগ রয়েছে, মামলার পরও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি। বরং ৪ মে প্রতিপক্ষ খায়রুল বাশার শিমুল বাদী হয়ে অ্যাডভোকেট সাইফুল্লাহসহ ১১ জনের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন।
ওই মামলায় মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত সকল আসামির জামিন মঞ্জুর করেন।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট সাইফুল্লাহ বলেন, আমি যে মামলাটি করেছি, সেটিতে কোনো অগ্রগতি নেই। বরং আমাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে এবং নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি আরও বলেন, আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে যদি এভাবে হামলা ও হয়রানির শিকার হতে হয়, তাহলে ন্যায়বিচার বাধাগ্রস্ত হবে।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য আইনজীবীরাও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com