
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ প্রায় সাড়ে নয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এ তথ্য নিশ্চিত করেছে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন ভোমরা, কুশখালী, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপি-সংশ্লিষ্ট এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। এতে বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ ও মদ উদ্ধার করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার ঘোষপাড়া এলাকা থেকে এক লাখ পাঁচ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করেন। একইভাবে কুশখালী বিওপি দল শ্বশানঘাট এলাকা থেকে ৭০ হাজার টাকার ঔষধ উদ্ধার করে।
কলারোয়া উপজেলার কেড়াগাছি ও গেরাখালি এলাকায় কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি অভিযানে চার লাখ পঁচানব্বই হাজার টাকার মালামালসহ ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এছাড়া মাদরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপির অভিযানে রাজপুর, আমবাগান ও চান্দুরিয়া কবরস্থান এলাকা থেকে আরও সাড়ে তিন লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধ জব্দ করা হয়।
সব মিলিয়ে মোট নয় লাখ পঞ্চাশ হাজার টাকার ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি।
বিজিবি জানায়, এসব মালামাল চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনছিল। এ ধরনের চোরাচালানের কারণে দেশের শিল্পক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।জব্দ করা মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, দেশের রাজস্ব সুরক্ষা, স্থানীয় শিল্প বিকাশ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
