
জি এম মুজিবুর রহমান : একসময় মরিচ্চাপ ও বেতনা নদী আশাশুনি অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্যসম্পদ ও নৌ-যোগাযোগের অন্যতম প্রধান অবলম্বন ছিল। নদীর বুকে চলত নৌকা-স্টিমার, জেলেদের জালে মিলত নানা প্রজাতির মাছ। কিন্তু দখল, দূষণ ও পলি জমে নাব্যতা সংকটের কারণে নদী দু’টি অস্তিত্ব সংকটে পড়ে।নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে কয়েক বছর আগে খননকাজ করা হলেও পলি জমে মজে যাওয়া মাটি খনন না করে ভাঙ্গনকুল ঘেষে খনন করায় কাঙ্ক্ষিত সুফল মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। তাদের মতে, খননের পরও নদীর পানিপ্রবাহ ও নাব্যতার দৃশ্যমান উন্নতি হয়নি। এবং ভাঙ্গন কুলে পুনরায় ভাঙ্গন লেগেছে। বহু স্থানে এক-দু’বছরের ভাঙ্গন রোধে নাকানি চুপানি খেতে হচ্ছে পানি উন্নয়ন বোর্ডকে। সরকারের ফান্ড থেকে বাধ্য হয়ো কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে এসব স্থানে। ফলে নদীকে ঘিরে মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ না হওয়ায় জনমনে ক্ষোভ বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত খনন, অবৈধ দখল, দূষণ ও পুনরায় পলি জমার কারণে নদীটির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এর প্রভাব পড়ছে কৃষি, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য ও স্থানীয় মানুষের জীবন-জীবিকায়।এলাকাবাসীর দাবি, অতীতে সম্পন্ন খননকাজের মান ও বর্তমান নদীর অবস্থা সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি অবৈধ দখল উচ্ছেদ, দূষণ রোধ এবং নদীর প্রকৃত গভীরতা ও প্রশস্ততা নিশ্চিত করে পরিকল্পিতভাবে পুনরায় খননের উদ্যোগ নিতে হবে।বেতনা নদী শুধু একটি জলধারা নয়, এটি এ অঞ্চলের প্রকৃতি, অর্থনীতি ও জনজীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই কাগজে-কলমে উন্নয়ন নয়, নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে এনে বাস্তব সুফল নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
