Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ‘কুশ’ জব্দ, আটক ১

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নতুন ধরনের মাদক ‘কুশ’ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১২ কেজি ‘কুশ’, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ এক যুবককে আটক করা হয়েছে। জব্দ করা মাদকসহ মালামালের মোট মূল্য ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে মাধবকাঠি বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।

আটক যুবকের নাম মো. তারিকুজ্জামান (২৪)। তিনি কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামের মো. ওহিদুজ্জামানের ছেলে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, বাংলাদেশে নতুন আসা ‘কুশ’ নামের মাদক মোটরসাইকেলযোগে সাতক্ষীরা শহর থেকে ঝাউডাঙ্গা বাজারের দিকে নেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ আভিযানিক দল মাধবকাঠি বাজার এলাকায় অবস্থান নেয়।
দুপুর সাড়ে ১২টার দিকে সন্দেহভাজন তারিকুজ্জামান মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে থামিয়ে তল্লাশি চালান। এ সময় তার কাছ থেকে ১২ কেজি ‘কুশ’ মাদক, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজিবির হিসাবে, জব্দ করা ১২ কেজি ‘কুশ’-এর আনুমানিক মূল্য ৬ কোটি টাকা। মোটরসাইকেলের মূল্য ২ লাখ টাকা এবং দুটি মোবাইল ফোনের মূল্য ১ লাখ ৫২ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মূল্য ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা।

বিজিবি জানায়, ‘কুশ’ মূলত প্রাকৃতিক মারিজুয়ানা গাছের ফুল বা কুঁড়ি থেকে তৈরি মাদক। বিশ্বের বিভিন্ন দেশে মারিজুয়ানা ফুল বা কুঁড়ির সঙ্গে অতিরিক্ত টেট্রাহাইড্রোক্যানাবিনল (THC) রাসায়নিক মিশিয়ে বিভিন্ন ধরনের সিনথেটিক মাদকও তৈরি করা হচ্ছে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি জানান, ভারতের সঙ্গে সাতক্ষীরা ব্যাটালিয়নের আওতাধীন ৫৪ কিলোমিটার সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের কুফল থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে সামাজিক ও পারিবারিক পর্যায়েও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জব্দ করা মাদক ও অন্যান্য মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com