Breaking News

প্রাণসায়ের খাল পুনঃমৃতকরণের অপচেষ্টার প্রতিবাদে  বন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

Spread the love
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী প্রাণসায়ের খালকে পুনরায় দখল ও ভরাটের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ব্রিজ সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
:
“সদ্য জেগে ওঠা প্রাণসায়ের খাল পুনঃমৃতকরণের অপচেষ্টার প্রতিবাদে প্রতিবাদী বন্ধন” শীর্ষক এ কর্মসূচিতে স্থানীয় সচেতন নাগরিক, শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা খাল রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
কর্মসূচির আয়োজন করে প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ, সাতক্ষীরা। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, এক সময় প্রাণসায়ের খাল ছিল সাতক্ষীরা শহরের প্রাণ। এই খাল দিয়ে স্বাভাবিক পানি নিষ্কাশন হতো এবং শহরের জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত।
কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দখলদারিত্ব ও অবৈধ ভরাটের কারণে খালটি প্রায় মৃতপ্রায় হয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে খাল পুনরুদ্ধারের উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধির ফলে খালটি নতুন করে প্রাণ ফিরে পেতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে আবারও খাল ভরাট ও দখলের অপচেষ্টা স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
এ সময় বক্তারা বলেন, একটি খাল শুধু পানি প্রবাহের মাধ্যম নয়, এটি একটি অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষার অন্যতম উপাদান। প্রাণসায়ের খাল ভরাট হলে শহরে জলাবদ্ধতা, পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্যের ক্ষতি আরও বৃদ্ধি পাবে। এছাড়া বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই শহরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হবে।
তারা অবিলম্বে খাল ভরাটের সব ধরনের কার্যক্রম বন্ধ, অবৈধ দখল উচ্ছেদ এবং স্থায়ীভাবে খাল সংরক্ষণে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত করে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রাণসায়ের খাল রক্ষায় প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা জানান।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা খাল রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com