
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার আশাশুনিতে ইঞ্জিনচালিত ভ্যান থেকে পড়ে গিয়ে ফরিদা খাতুন (৫৬) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাদাকাটি-গাবতলা সড়কের বশিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদা খাতুন কুল্যা ইউনিয়নের কাটাখালি গ্রামের বাসিন্দা এবং আব্দুল হামিদের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ওই দিন বিকেলে সাতক্ষীরা শহরে জামাইয়ের বাসা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। কুল্ল্যার মোড়ে বাস থেকে নেমে একটি ইঞ্জিনভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বশিরাবাদ এলাকায় পৌঁছালে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ফরিদা খাতুন রাস্তায় ছিটকে পড়ে যান এবং চলন্ত ভ্যানের নিচে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশাশুনি থানার উপপরিদর্শক মো. রশিদুজ্জামান।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
