Breaking News

দেশজুড়ে শীতের দাপট কিছুটা কমেছে, শনিবারের পর বাড়তে পারে তাপমাত্রা

Spread the love

নিউজ ডেস্ক:
চলতি জানুয়ারি মাসে দেশজুড়ে শৈত্যপ্রবাহের প্রভাব অব্যাহত থাকলেও ধীরে ধীরে এর তীব্রতা কমতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টানা কয়েকদিনের শীতের পর আগামী সপ্তাহের শুরু থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, বৃহস্পতিবার থেকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে তাপমাত্রা সাময়িকভাবে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এই অবস্থা শনিবার পর্যন্ত থাকতে পারে। এরপর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে এবং শীতের প্রকোপ আরও কমে আসবে।

আবহাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা গত দিনের তুলনায় সামান্য কম। বর্তমানে দেশের মধ্যে শুধু পঞ্চগড় জেলায় শৈত্যপ্রবাহ সক্রিয় রয়েছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন ধরে এই অঞ্চলেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে। টানা শীতের প্রভাব থাকলেও আজ তা তুলনামূলকভাবে কম এলাকায় সীমাবদ্ধ রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপমাত্রার ভিত্তিতে শৈত্যপ্রবাহকে বিভিন্ন ভাগে শ্রেণিবদ্ধ করা হয়। সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি হলে মৃদু, ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি হলে মাঝারি, ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি হলে তীব্র এবং ৪ ডিগ্রি বা এর নিচে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।

আগামী কয়েকদিন দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কা থাকলেও সার্বিকভাবে শীতের তীব্রতা ধীরে ধীরে কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থদের শীত থেকে রক্ষা করতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

About dainiksatkhira24

Check Also

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

Spread the loveডেস্ক রিপোর্ট: গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করতে সব পক্ষকে সঙ্গে নিয়েই সংস্কার কার্যক্রম পরিচালনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com