
জহর হাসান সাগর:
সাতক্ষীরা জেলা তালা উপজেলার মানবিক সংগঠন হাজরাকাটী ব্লাড ডোনার ক্লাব সোমবার, ২৪ নভেম্বর বিকালে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা দীপা রানী সরকার মহোদয়ার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
সাক্ষাৎকালে ক্লাবের মানবসেবামূলক ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— শিশুদের জন্য চারা রোপণ ও বিতরণ কর্মসূচি, যা পরিবেশ সুরক্ষা ও উপজেলাকে সবুজায়নের লক্ষ্যে পরিচালিত হচ্ছে। এছাড়া শীতবস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ, বিনামূল্যে ওষুধ প্রদান, মাঠ পর্যায়ে মেডিকেল ক্যাম্প আয়োজন, দুস্থ পরিবারের জন্য “হাজার টাকায় হাসি” প্রকল্প এবং গরিব ও অসহায় বিবাহযোগ্য ছেলে-মেয়েদের জন্য বিনা খরচে বিবাহ আয়োজনের বিষয়গুলো উপস্থাপন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের সামাজিক ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে এ ধরনের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার জন্য সংগঠনের সদস্যদের উৎসাহিত করেন এবং ভবিষ্যতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন শিহাব মোড়ল, নাজমুল হাসান রানা, বিল্লাল শেখ, সাইফুল্লাহ সরদার, শাহরিয়া, ইসরাফিল ও মেহেদি হাসান সাব্বিরসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সাক্ষাৎ শেষে সংগঠনের প্রতিনিধিরা জানান, মানবতার সেবায় হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাব ভবিষ্যতেও আরও সুসংগঠিত ও শক্তিশালীভাবে কাজ করবে। পাশাপাশি জনস্বাস্থ্য, দুর্যোগ সহায়তা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে উপজেলা প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
