
স্পোর্টস ডেস্ক: দেখে মনে হতে পারে, দুই দলই যেন ম্যাচটি জিততে নয়, হারতে নেমেছিল! আর সেই ‘চেষ্টায়’ শেষ পর্যন্ত সফল হয়েছে পাকিস্তান। তবে বাস্তবতা এমন নয়। আজ ফ্লোরিডায় পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুদলই জয় চাইছিল। কিন্তু একের পর এক ভুলে খেলা এমন এক পর্যায়ে পৌঁছায়, যেখানে দর্শকদের চোখে মনে হতে পারে—দুটোর একটাও দল আসলে জয়ী হতে চায় না।
শেষ পর্যন্ত অবশ্য জয় এসেছে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। শাহিন শাহ আফ্রিদির করা ম্যাচের শেষ বলে ৪ রানের সমীকরণ মেলাতেই সিরিজে ফিরল ক্যারিবীয়রা। টসে জিতে ব্যাট করে পাকিস্তান তোলে ১৩৩ রান। জবাবে ২ উইকেট হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজ জয় নিশ্চিত করে ম্যাচের শেষ বলে। এতে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরে তারা। সিরিজের নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল।
ব্যাট হাতে শেষ মুহূর্তে দলকে জিতিয়েছেন জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। শেষ তিন ওভারে প্রয়োজন ছিল ৩৬ রান। আফ্রিদির ১৮তম ওভারে হোল্ডারের ছক্কা ও শেফার্ডের চারসহ আসে ১২ রান। পরের ওভারে হাসান আলীর বলে আসে ১৬ রান। শেষ ওভারে দরকার পড়ে ৮ রান। দ্বিতীয় বলেই এলবিডব্লুর ফাঁদে পড়ে যান শেফার্ড। প্রথম পাঁচ বলে আফ্রিদি দেন মাত্র ৪ রান। শেষ বলে দরকার পড়ে ৩। এমন চাপের মুহূর্তে মিডল স্টাম্পে বল করেন আফ্রিদি, যেটিকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ ও ফাইন লেগের মাঝ দিয়ে বাউন্ডারিতে পাঠান হোল্ডার। টানা ছয় টি-টোয়েন্টিতে হারের পর অবশেষে জয়ের মুখ দেখে ওয়েস্ট ইন্ডিজ।
তবে এই জয় সহজ ছিল না। ওয়েস্ট ইন্ডিজ ৬.২ ওভার থেকে ১৪.৫ ওভার পর্যন্ত একটিও বাউন্ডারি মারতে পারেনি। পাকিস্তানের স্পিনার মোহাম্মদ নওয়াজ, সুফিয়ান মুকিম ও সাইম আইয়ুব মিলিয়ে ১২ ওভারে তুলে নিয়েছেন ৬ উইকেট, দিয়েছেন মাত্র ৫৩ রান। নওয়াজ একাই নিয়েছেন ১৪ রানে ৩ উইকেট।
অন্যদিকে ব্যাট হাতে পাকিস্তানের অবস্থাও করুণ ছিল। শেষ ৫ ওভারে একটি বাউন্ডারিও আসেনি তাদের ব্যাট থেকে। তুলেছে কেবল ২৩ রান। ১৩৩ রানের সংগ্রহে বড় ভূমিকা রাখেন হাসান নওয়াজ (২৩ বলে ৪০) ও সালমান আগা (৩৮)। বাকি আট ব্যাটারই ছিলেন এক অঙ্কে। উইন্ডিজের জয়ে সবচেয়ে বড় অবদান হোল্ডারের, যিনি ৪ ওভারে ১৯ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট। সেই সঙ্গে টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন (৮১ উইকেট)।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৩৩/৯ (২০ ওভারে) – হাসান ৪০, সালমান ৩৮; হোল্ডার ৪/১৯
ওয়েস্ট ইন্ডিজ: ১৩৫/৮ (২০ ওভারে) – মোতি ৩০, হোল্ডার ১৬*; নওয়াজ ৩/১৪
ম্যাচসেরা: জেসন হোল্ডার
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
