
নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ গণসংযোগ করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সদর উপজেলার কদমতলা বাজারসহ আশপাশের সড়ক এলাকায় পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন এবং ভোটারদের কাছে সমর্থন প্রার্থনা করেন।
গণসংযোগকালে আব্দুর রউফ বলেন, নির্বাচিত হলে তিনি নাগরিক অধিকার নিশ্চিত করা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কৃষি খাতে উন্নয়নে কাজ করবেন। তিনি কৃষকদের “দেশের প্রাণ” উল্লেখ করে তাদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে গণসংযোগ চালিয়ে যাওয়ার কথা জানান।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে সাতক্ষীরা সদর ও দেবহাটার উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে এবং সমাজে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও অস্ত্রবাজি প্রতিরোধে কাজ করা হবে।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কদমতলা বাজার কমিটির সভাপতি মো. আইয়ুব আলী, জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম বুলবুল, সদর থানা জাসাসের সহ-সভাপতি রইসুল হক টুকু, লাবসা ইউনিয়ন বিএনপি নেতা মীর মামুন হাসান, আব্দুর রহমান বাবু, শেখ নিজামুল হক শিমুল, মো. আশরাফুজ্জামান, সাহেদ আহমেদ সুমিত, সদর থানা তাঁতীদলের আহ্বায়ক আবু তুহিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ও রেজাউল ইসলামসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
স্থানীয় কয়েকজন ভোটার জানান, নির্বাচনী এলাকায় বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকের প্রার্থীর গণসংযোগ ও পথসভায় মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
