Breaking News

সাতক্ষীরায় তেল নিতে বাধ্যতামূলক ডিসি সইযুক্ত ‘ফুয়েল কার্ড’

Spread the love

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরা জেলায় মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে জেলা প্রশাসন। এখন থেকে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ‘ফুয়েল কার্ড’ ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া হবে না। তবে এই নির্দেশনা কার্যকর হওয়ার আগেই জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন ও সাধারণ মানুষের ভোগান্তি লক্ষ্য করা গেছে।

বুধবার (২৫ মার্চ) রাতে জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে নির্ধারিত সময়সীমার মধ্যে জ্বালানি তেল সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্ট থেকে তেল সরবরাহ করা যাবে না।

নতুন নিয়ম অনুযায়ী, তেল নেওয়ার সময় মোটরসাইকেল চালকদের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং ট্যাক্স টোকেন সঙ্গে রাখতে হবে। পাশাপাশি নিরাপত্তার অংশ হিসেবে হেলমেট পরাও বাধ্যতামূলক করা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, ফুয়েল কার্ড জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

এছাড়া জ্বালানি তেলের অবৈধ মজুত ও কালোবাজারি রোধে প্লাস্টিক বোতল, ড্রাম বা যেকোনো কন্টেইনারে তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে জ্বালানি তেলের কেনাবেচাও বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জেলা প্রশাসন।

মাঠপর্যায়ে ভোগান্তি, মিশ্র প্রতিক্রিয়া

নতুন এই সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার পর বুধবার রাত থেকেই জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি দেখা যায়। এতে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ভোগান্তি ও উদ্বেগ।

মোটরসাইকেল চালক শহিদুল ইসলাম বলেন,
“একই ব্যক্তি দিনে কয়েকবার লাইনে দাঁড়িয়ে তেল নিয়ে বেশি দামে বিক্রি করছে। ফুয়েল কার্ড চালু হলে এই অনিয়ম কিছুটা কমবে। এতে প্রকৃত ব্যবহারকারীরা উপকৃত হবে।”

অন্যদিকে, ওষুধ কোম্পানির কর্মী আব্দুল আল মামুন বলেন,
“তেলের অভাবে ঠিকমতো চলাচল করতে পারছি না। এখন আবার ফুয়েল কার্ডের ঝামেলা—এতে নতুন করে সমস্যায় পড়তে হতে পারে।”

সংকট মোকাবিলায় প্রশাসনের উদ্যোগ

জেলা প্রশাসনের দাবি, জ্বালানি তেলের কৃত্রিম সংকট, মজুতদারি ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বাস্তবায়নের শুরুতেই সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থার দাবি উঠেছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com