Breaking News

সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে বসতভিটা দখলচেষ্টা ও উচ্ছেদের হুমকির অভিযোগ

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে বসতভিটা ও জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলায় হয়রানি এবং বাড়িঘর থেকে উচ্ছেদের হুমকির অভিযোগ তুলেছেন আফসানা আক্তার খুশি (২২) নামের এক কলেজছাত্রী। আজ রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।আফসানা আক্তার উপজেলার নওবেঁকী এলাকার মুজাহিদুল ইসলামের স্ত্রী এবং শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, একই এলাকার আসরাফুর জামান মনা (৫০) নিজেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবিরের ভাগনে জামাই ও ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে দীর্ঘ প্রায় ১৫ বছর এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। ২০১৩ সালে ক্ষমতার অপব্যবহার করে তিনি আফসানার চাচার জমি অবৈধভাবে দখল করে বাড়ি নির্মাণ করেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও সম্প্রতি তিনি আবারও আফসানার স্বামী মুজাহিদুল ইসলামের বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, দখলচেষ্টার অংশ হিসেবে বিবাদীদের ইন্ধনে আটুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় মুজাহিদুল ইসলামসহ পরিবারের সদস্য ও স্বজনদের আসামি করা হয়েছে। মামলাটিকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে ওই কলেজছাত্রী বলেন, পুলিশি হয়রানির কারণে তাঁদের পরিবার সামাজিকভাবে হেয় হওয়ার পাশাপাশি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসরাফুর জামান মনা তাঁদের বাড়িঘর থেকে উচ্ছেদের হুমকি দিয়ে বলছেন, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে তোদের বাড়িঘর থেকে উচ্ছেদ করব।’ এ ছাড়া তিনি খুলনায় থাকাকালীন নওবেঁকী এলাকায় তাঁদের একটি ঘর অবৈধভাবে দখল করে নেওয়া হয়েছিল। পরে থানায় অভিযোগ দিয়ে ঘরটি উদ্ধার করা হলেও সেখানে থাকা ভাড়াটিয়াকে মারধর করে বের করে দেওয়া হয়।
পরিবারের জানমাল ও বসতভিটার নিরাপত্তা চেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হস্তক্ষেপ কামনা করেছেন আফসানা আক্তার। একই সঙ্গে দায়ের করা মামলাগুলোর নিরপেক্ষ তদন্ত, দখল ও মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এ বিষয়ে অভিযুক্ত আসরাফুর জামান মনার বক্তব্য জানা সম্ভব হয়নি।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন :পরিবেশ সুরক্ষা এবং শিক্ষাঙ্গনকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও মনোরম রাখতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com