
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫’-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ২০ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী নিবন্ধন করেছিলেন। জেলার ৩২টি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ৪ হাজার ২৮৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া পরীক্ষার নিয়ম ভঙ্গের দায়ে ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। পরীক্ষাকালীন সময়ে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পরীক্ষার্থীরা নির্ধারিত সময় অনুযায়ী কেন্দ্রে প্রবেশ করে শান্ত ও নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষায় অংশ নেন। মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ ছিল এবং নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়ন করা হয়।
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন জানান, পরীক্ষার প্রস্তুতি ও ব্যবস্থাপনা ছিল সন্তোষজনক। প্রশ্নপত্র বিতরণ, পরীক্ষা গ্রহণ ও নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের সমস্যা দেখা যায়নি। পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা স্বস্তির সঙ্গে কেন্দ্র ত্যাগ করেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বলেন, “সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জেলার সব পরীক্ষাকেন্দ্রে কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।”
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
