
নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার,পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে| সোমবার দুপুর ১২টায় উপজেলার শিরাশুনী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়াটার জাস্টিস ফান্ডের সহযোগিতায় এবং উত্তরণ বাস্তবায়িত উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব|
প্রধান অতিথি বলেন, জলাবদ্ধতা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি অন্যতম প্রধান সমস্যা| এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় মানুষের দুর্ভোগ কমবে এবং কৃষি ও পরিবেশের উন্নয়ন ঘটবে| এ কার্যক্রমের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান এবং
এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি| বেসরকারী সংস্থা উত্তরণের পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাসকিয়া, জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সহ- সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, তেতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ| সমগ্র
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিএনপি নেতা অধ্যাপক মোশারফ হোসেন| অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক
প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা খাল সংস্কার ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের গুরুত্ব তুলে ধরে বলেন, এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে এবং স্থানীয় জনগণের জীবন মান উন্নত হবে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
