
প্রেস বিজ্ঞপ্তি :সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তিন লাখ টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য ও মাদকসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার (২৪ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীন মাদরা ও সুলতানপুর বিওপির সদস্যরা পৃথক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা মোবাইল ফোনের যন্ত্রাংশ ও কফ সিরাপ জব্দ করা হয়।
মাদরা বিওপির একটি আভিযানিক দল কলারোয়া উপজেলার রাজপুর এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে সুলতানপুর বিওপির সদস্যরা তালসারি মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় ‘উইন সেরেক্স’ (WIN CEREX) কফ সিরাপ জব্দ করেন।
বিজিবির তথ্যমতে, জব্দ করা পণ্যগুলোর মোট মূল্য ৩ লাখ ১২ হাজার ৬০০ টাকা।
সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান,সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
