
নিজস্ব প্রতিনিধি:
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আয়োজিত বৈশাখী উদ্যোক্তা মেলা এখন পরিণত হয়েছে উৎসবমুখর জনসমুদ্রে। জেলা প্রশাসন ও বিসিকের যৌথ উদ্যোগে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গণে চলমান সাত দিনব্যাপী এই মেলার পঞ্চম দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
সকাল থেকেই শহরের বিভিন্ন সড়কে মানুষের ঢল নামে মেলাকে ঘিরে। তবে বিকেল ও সন্ধ্যায় ভিড় কয়েকগুণ বেড়ে যায়। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ পরিবার-পরিজন নিয়ে মেলায় এসে কেনাকাটার পাশাপাশি উপভোগ করছেন সাংস্কৃতিক অনুষ্ঠান। রঙিন স্টল, দেশীয় পণ্য ও ঐতিহ্যবাহী সামগ্রীর সমাহারে মেলাটি হয়ে উঠেছে দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ।
শনিবার (১৮ এপ্রিল) মেলা প্রাঙ্গণে সব বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এতে উদ্যোক্তাদের বেচাকেনাও বেড়েছে। বিশেষ করে হাতে তৈরি পোশাক, মাটির তৈরি জিনিসপত্র, গৃহস্থালি সামগ্রী, পাট ও বাঁশের তৈরি পণ্য এবং শিশুদের খেলনার চাহিদা ছিল সবচেয়ে বেশি।
মেলায় অংশ নেওয়া স্থানীয় উদ্যোক্তা নুর জাহান বলেন, “নববর্ষ উপলক্ষে মানুষের উপস্থিতি অনেক বেশি। বিশেষ করে বিকেলের পর থেকে স্টলে ভিড় বাড়ে। হাতে তৈরি পোশাক ও নারীদের পণ্য বেশি বিক্রি হচ্ছে।”
ঢাকা থেকে আসা ‘নাহার কালেকশন’-এর উদ্যোক্তা সামছুন্নাহার জানান, “মেলায় প্রচুর ভিড় থাকলেও ঢাকা থেকে এসে খরচ ওঠানো কঠিন। তবুও এখানে এসেছি সাতক্ষীরার বাজার সম্পর্কে ধারণা নিতে।”
দর্শনার্থীদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ। পরিবার নিয়ে মেলায় আসা মো. নাজমুস সাকিব বলেন, “প্রতি বছরই আমরা পরিবার নিয়ে মেলায় আসি। শিশুদের আনন্দ দেখতেই সবচেয়ে ভালো লাগে। পাশাপাশি দেশীয় পণ্য একসঙ্গে পাওয়া যায়।”
আরেক দর্শনার্থী সাজেদুল ইসলাম বলেন, “শিশুদের জন্য খেলনা ও খাবারের ভালো আয়োজন রয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ্য। এমন আয়োজন প্রতিবছর হওয়া উচিত।”
মেলায় অংশ নেওয়া উদ্যোক্তাদের বিষয়ে বিসিকের এক কর্মকর্তা জানান, সাতক্ষীরার ঐতিহ্যবাহী কুটিরশিল্প এখানে তুলে ধরা হয়েছে। এটি স্থানীয় ও বাইরের উদ্যোক্তাদের একটি মিলনমেলায় পরিণত হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, “পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবেই এই মেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ সৃষ্টি করাই এর মূল লক্ষ্য।”
জেলা প্রশাসন ও বিসিকের এই উদ্যোগে আয়োজিত বৈশাখী উদ্যোক্তা মেলা শুধু বেচাকেনার ক্ষেত্রেই নয়, বরং নববর্ষের উৎসবমুখর পরিবেশে শহরবাসীর অন্যতম বিনোদনকেন্দ্র হিসেবে ব্যাপক সাড়া ফেলেছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
