
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের খাল দখল ও অবৈধ বন্দোবস্ত বাতিল এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মৌনবন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মৌনবন্ধন অনুষ্ঠিত হয়। এতে শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের কৃষক, মৎস্যজীবী ও স্থানীয় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে জেলা প্রশাসক মিজ কায়সার আজিজের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মৌনবন্ধন চলাকালে বক্তব্য রাখেন শ্যামনগরের বাসিন্দা সুমাইয়া কামাল, পিযুষ বাউলিয়া, পুস্পরাণী, নাগরিক নেতা কল্যাণ ব্যানার্জি, আলীনুর খান বাবুলসহ স্থানীয় প্রতিনিধিরা।
বক্তারা অভিযোগ করেন, শ্যামনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাল অবৈধভাবে দখল, ভরাট, বাঁধ নির্মাণ এবং খালের শ্রেণি পরিবর্তন করে বন্দোবস্ত দেওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে ২০২৫ ও ২০২৬ সালের বর্ষা মৌসুমে অতিবৃষ্টিতে এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতার কারণে আমন ধানের বীজতলা দুই থেকে তিন দফা নষ্ট হয়েছে। পাশাপাশি বসতবাড়ির পুকুর, মাছের ঘের, ঘেরের পাড়ের সবজি ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
অন্যদিকে, শুষ্ক মৌসুমে দখলদারদের বাধার কারণে কৃষকরা খালের মিষ্টি পানি ব্যবহার করতে পারছেন না। ফলে পানির অভাবে বিস্তীর্ণ কৃষিজমি অনাবাদি পড়ে থাকছে। জনদুর্ভোগ ও কৃষি-মৎস্যসম্পদ রক্ষায় অবিলম্বে অবৈধ বন্দোবস্ত ও দখল উচ্ছেদ করে সব খাল জনসাধারণের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানান বক্তারা।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
