পশ্চিমবঙ্গে উগ্রবাদীরা ক্ষমতায় এসেছে: আসিফ মাহমুদ

Spread the love

ডেস্ক রিপোর্ট: পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর বাংলাদেশ নিয়ে সেখান থেকে আপত্তিকর মন্তব্য আসছে বলে উদ্বেগ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ। একই সঙ্গে নতুন নির্বাচিত সরকারকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে নতুন সদস্যদের যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গ থেকে বাজে মন্তব্য আসছে, যা আগে ছিল না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভাবার জন্য দেশের রাজনৈতিক দলগুলোই যথেষ্ট। পশ্চিমবঙ্গকে এ বিষয়ে কথা না বলাই শ্রেয়।’

পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিগত সময়ে যাঁরা পশ্চিমবঙ্গের সরকারে ছিলেন, তাঁদের সঙ্গে খুব সুসম্পর্ক না থাকলেও তাঁরা বাংলাদেশ নিয়ে বর্তমানে যাঁরা আসছেন, তাঁদের মতো বাজে মন্তব্য করতেন না। নতুন সরকারে ‘উগ্রপন্থীরা’ ক্ষমতায় আসছে উল্লেখ করে তিনি শঙ্কা প্রকাশ করেন যে আগামী দিনে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বা পরিস্থিতি কেমন হবে, তা নিয়ে একধরনের উদ্বেগ রয়েছে।

তারেক রহমানের সমালোচনা করে এনসিপি মুখপাত্র বলেন, ‘এরশাদের মতো দেশ চালানোর চেষ্টা করছেন তারেক রহমান। এভাবে চললে পরিণতিও এরশাদের মতোই বরণ করতে হবে।’ এ ছাড়া তিনি বলেন, ‘জাতির সঙ্গে প্রতারণা করে আবার সংসদে বুক ফুলিয়ে কথা বলা লজ্জাজনক।’

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবিও জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, ওয়ারিয়র্স অব জুলাইয়ের সভাপতি সালমান হোসেন, সহসভাপতি গাজী আতিকুল ইসলাম, হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং অধ্যাপক এম এ এইচ আরিফ।

 

About dainiksatkhira24

Check Also

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই

Spread the loveডেস্ক রিপোর্ট: চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেউ জড়িত নয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com