
মোমিনুর রহমান:সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় যুবদল নেতা সাদিকুল ইসলাম ভদু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার বিকেলে সাতক্ষীরার আমলি আদালত-৩-এর বিচারক নুসরাত জাহানের খাসকামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি এই জবানবন্দি রেকর্ড করেন।সাদিকুল ইসলাম ভদু দেবহাটা উপজেলার পারুলিয়া শেখপাড়ার শওকত আলীর ছেলে এবং তিনি পারুলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও দেবহাটা থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, ওয়াহেদুজ্জামানকে পিটিয়ে হত্যার মামলায় এজাহারনামীয় ২ নম্বর আসামি সাদিকুল ইসলাম ভদু গত ২৮ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। তবে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরপর মামলার অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাঁর ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষ হওয়ার পর রোববার তাঁকে পুনরায় আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
