
নিউজ ডেস্ক |
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শুল্ক আলোচনার তৃতীয় ও শেষ দিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল (১১ জুলাই) ওয়াশিংটন ডিসিতে। আলোচনায় কিছু বিষয়ে অগ্রগতি হলেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু এখনও অমীমাংসিত রয়ে গেছে।
সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দেশের প্রতিনিধিরা বেশ কিছু বিষয়ে মতৈক্যে পৌঁছেছেন, তবে চূড়ান্ত কোনো চুক্তি এখনও সম্ভব হয়নি। ফলে দুই দফা আলোচনা শেষেও বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আনুষ্ঠানিক বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারেনি—যেখানে ভিয়েতনাম আগেই তা সম্পন্ন করেছে।
চুক্তি না হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ৩৫ শতাংশ শুল্ক বহাল থাকবে, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে।
তবে উভয় পক্ষ আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশের ভেতরে আন্তঃমন্ত্রণালয় আলোচনার পর পুনরায় দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনা হবে উভয়ভাবে—ভার্চুয়ালি এবং সরাসরি উপস্থিতির মাধ্যমে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী দফার আলোচনার সময় ও তারিখ খুব শিগগিরই নির্ধারণ করা হবে।
বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব ড. নাজনীন চৌধুরীর আজ (১২ জুলাই) ঢাকায় ফেরার কথা রয়েছে। প্রয়োজনে তারা আবারও যুক্তরাষ্ট্রে যেতে পারেন আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে।
আলোচনায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ঢাকায় থেকে ভার্চুয়ালি অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। সঙ্গে ছিলেন আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞ।
তিন দিনব্যাপী এই আলোচনা কার্যক্রমের সমন্বয় করে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।
আলোচনার ফলাফল নিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশাবাদ ব্যক্ত করেছেন যে, নির্ধারিত সময়ের মধ্যেই একটি ইতিবাচক সমাধানে পৌঁছানো সম্ভব হবে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
