Breaking News

অদম্য ইচ্ছাশক্তিতে সেলাই ও কাপড়ের ব্যবসায় সফল শ্যামনগরের সালমা

Spread the love

নিজস্ব প্রতিনিধি:
অদম্য মনোবল ও নিরলস পরিশ্রমের মাধ্যমে অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরার শাহনাজ পারভীন সালমা। তাঁর এই সাফল্যের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে তাঁকে ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ প্রদান করা হয়েছে।

সালমা গাবুরা ইউনিয়নের হরিশখালী গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। মাত্র ১৩ বছর বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ায় দারিদ্র্যের কারণে তাঁর পড়াশোনা বেশিদূর এগোয়নি। পাঁচ সদস্যের পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে স্বামীর সীমিত আয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল তাঁদের।

সংসারের এই টানাপোড়েন থেকেই বিকল্প আয়ের পথ খোঁজেন সালমা। ২০২১ সালে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বারসিক’ থেকে একটি নৌকা সহায়তা পাওয়ার পর সুন্দরবনের নদী থেকে মাছ ও কাঁকড়া আহরণ করে পরিবারে আয় বাড়ানোর সুযোগ তৈরি হয়। সেখান থেকে সঞ্চিত ৮ হাজার টাকা দিয়ে তিনি নাজিমগঞ্জ বাজার থেকে কিছু ছিট কাপড় কিনে ছোট পরিসরে ব্যবসা শুরু করেন। পাশাপাশি শেখেন ও চালু করেন সেলাইয়ের কাজ।

সালমা জানান, স্বামীর আয়ের সঙ্গে নিজের আয় যুক্ত হওয়ায় এখন প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ টাকা অতিরিক্ত আয় করতে পারছেন। এতে সংসারে এসেছে স্বচ্ছলতা ও আত্মবিশ্বাস। কাজের মান ও নকশার কারণে এলাকার নারী ও শিশুরা নিয়মিত তাঁর কাছে পোশাক তৈরির জন্য আসছেন। নিজের বাড়ির উঠানেই তিনি গড়ে তুলেছেন এই ছোট উদ্যোগ।

উপকূলীয় এলাকায় বসবাসকারী নারীদের জন্য সালমার এই সাফল্য এখন অনুপ্রেরণার গল্প। তাঁর উদ্যোগ ও পরিশ্রম আশপাশের বহু নারীকে স্বাবলম্বী হওয়ার সাহস জোগাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা 

Spread the loveনিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com