Breaking News

হাসিনাকে ফেরানোর বিষয়টি ভারত ‘পরীক্ষা-নিরীক্ষা’ করছে: পররাষ্ট্র উপদেষ্টা

Spread the love

নিউজ ডেস্ক:
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের চিঠির বিষয়ে ভারত এখনো ইতিবাচক সাড়া দেয়নি জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, তারা বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের আদালত থেকে দণ্ডপ্রাপ্ত আসামি। ভারতের কাছে তাকে দেশে ফেরত চাওয়া হয়েছে। কিন্তু শেখ হাসিনাকে ফেরতে ভারতের ইতিবাচক সাড়া পাইনি। এ ধরনের ঘটনায় চটজলদি সমাধান পাওয়া যায় না। ভারতের পক্ষ থেকে কী রিঅ্যাকশন পাওয়া যায় তা দেখা হচ্ছে। ভারতের রিঅ্যাকশন হিসেবে দেখেছি, তারা বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে।

জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি তার পতিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দুইজনই ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে পলাতক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান সাহেব কখন দেশে আসবেন এই সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই। ওনার স্ত্রী (ডা. জুবাইদা রহমান) ঢাকায় পৌঁছে গেছেন। আজ (বিএনপির চেয়ারপারসন) বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে না। কারণ জানতে পারলাম এয়ারক্রাফট নিয়ে টেকনিক্যাল সমস্যা রয়েছে।

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে বাংলাদেশের জেলেদের আটক হওয়ার ব্যাপারে তৌহিদ হোসেন বলেন, আরাকান আর্মি স্টেটের কেউ না। তাই চাইলে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করা সম্ভব নয়। যেহেতু আমাদের স্বার্থ রয়েছে, তাই বিষয়টি দেখতে হবে। সবকিছু তো প্রকাশ করা যায় না, তবে এ ঘটনা যেন আর না ঘটে বা কম ঘটে, সেজন্য কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ঢাকায় চীনের অর্থায়নে এক হাজার শয্যার একটি হাসপাতাল হওয়ার কথা ছিল। সেটি সরকার নীলফামারীতে করতে যাচ্ছে। এটা এমনভাবে প্লান করা হয়েছে যেন রংপুর অঞ্চলসহ ভারত-ভুটান ও বিভিন্ন দেশের মানুষ এখান থেকে চিকিৎসা নিতে পারে। রংপুর অঞ্চলে কলকারখানা-বাণিজ্য নেই। এখনকার বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান। তাই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

উপদেষ্টা বলেন, আমরা নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ভার এমনভাবে দিয়ে যেতে চাই, তারা যেন এক-দেড় বছরের মধ্যে সহজে দেশকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারে। মানুষের অনেক আশা আমরা যেন সব রিফর্ম করে যাই। কিন্তু সেটি দীর্ঘ সময়ের ব্যাপার। যারা আগামীতে ক্ষমতায় আসবে তারা যেন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে।

তৌহিদ হোসেন বলেন, আমরা আশা করি ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা দেশে সর্বত্র সমতা নিয়ে আসবে এবং দেশের প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়ন করবে।

চারদিনের উত্তরবঙ্গ সফরে আসা পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন শুক্রবার রংপুরের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা পরিদর্শন করবেন। শনিবার সকালে তিনি রংপুর প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর তিনি বিকেলে রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করবেন।

এছাড়া, রোববার (৭ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন উপদেষ্টা। ওই দিন বিকেলে ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন তিনি।

About dainiksatkhira24

Check Also

বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি: কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি

Spread the loveনিজস্ব প্রতিনিধি: ‌‍‍‍‍‌‍‘আক্রান্ত গণমাধ্যম মানেই আক্রান্ত রাষ্ট্র’, ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়’ এমন সব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com