Breaking News

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি, প্রবেশপত্র ডাউনলোড ২৭ ডিসেম্বর

Spread the love

নিউজ ডেস্ক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ’ লিখিত পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র ডাউনলোডের তারিখ ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেশের সব জেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীরা ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র সংগ্রহ করতে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ইউজার নেম ও পাসওয়ার্ড অথবা এসএসসির রোল নম্বর, বোর্ড ও পাসের সাল দিয়ে লগইন করতে হবে। এ সংক্রান্ত তথ্য প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও জানানো হবে।

পরীক্ষার দিন প্রার্থীদের অবশ্যই রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র এবং মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি/স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে।

এবারের নিয়োগ পরীক্ষায় প্রার্থীর সংখ্যা অত্যন্ত বেশি। অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে ১৪ হাজার ৩৮৫টি। এর বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন। সে হিসাবে প্রতি পদের জন্য প্রতিযোগিতা করছেন প্রায় ৭৫ জন চাকরিপ্রত্যাশী।

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটে কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে। এরপর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি থাকবে।

পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের উভয় কান উন্মুক্ত রাখতে হবে। কানে কোনো ইয়ারফোন বা ডিভাইস আছে কি না, তা প্রয়োজনে টর্চলাইট ব্যবহার করে পরীক্ষা করা হবে।

কেন্দ্রে মুঠোফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ঘড়ি, ভ্যানিটি ব্যাগ, পার্সসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এসব সামগ্রী পাওয়া গেলে পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কারসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উত্তরপত্র (ওএমআর) কালো কালির বলপয়েন্ট কলম দিয়ে পূরণ করতে হবে। পেনসিল ব্যবহার করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। ওএমআর শিট ভাঁজ করা, স্ট্যাপল করা বা ময়লা করা যাবে না।

পরীক্ষা শেষে ওএমআর শিটের পাশাপাশি প্রশ্নপত্রও পরীক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা হবে। কোনো পরীক্ষার্থী প্রশ্নপত্র সঙ্গে নিতে পারবেন না।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানিয়েছেন, নিয়োগের নামে কোনো ব্যক্তি বা চক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করা হয়েছে। তিনি বলেন, পুরো নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছতা ও মেধার ভিত্তিতেই সম্পন্ন করা হবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম উদ্ধার, পরে ধ্বংস

Spread the love  নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com