Breaking News

সীমান্ত ও সুন্দরবনের সুযোগে কৈখালী ইউনিয়নে রমরমা মাদক ব্যবসা, উদ্বেগ বাড়ছে

Spread the love

মোঃ আলফাত হোসেন:
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী কৈখালী ইউনিয়নে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মাদকপাচার ও মাদক ব্যবসা। একদিকে ভারতের সীমান্তঘেঁষা কালিন্দী নদী, অন্যদিকে কৈখালী ও রমজাননগর ইউনিয়নের পাশঘেঁষা সুন্দরবন—এই দুর্গম ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাদকপাচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি প্রভাবশালী কালোবাজারি চক্র মাদক ব্যবসার মাধ্যমে এলাকায় আধিপত্য বিস্তার করেছে। অতীতে এই এলাকায় মাদক ব্যবসার পাশাপাশি নারী ও শিশু পাচার এবং সংঘবদ্ধ অপরাধের অভিযোগও উঠেছিল, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

বর্তমানে বাংলাদেশ কোস্ট গার্ড ও সেনাবাহিনীর নিয়মিত টহল ও অভিযান চললেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না মাদক কারবার। অভিযোগ রয়েছে, মাঝে মাঝে কয়েকজন মাদক ও অস্ত্রসহ আটক হলেও প্রভাবশালী চক্রের কালোটাকা, পেশিশক্তি এবং আইনের ফাঁকফোকর কাজে লাগিয়ে তারা জামিনে বেরিয়ে এসে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ছে।

মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, ভারতে যে মাদকের দাম প্রায় ৩০০ টাকা, তা বাংলাদেশে বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ৩ হাজার টাকায়। এই অতিরিক্ত মুনাফার লোভেই অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে এই ভয়ংকর ব্যবসায় জড়িয়ে পড়ছে।

স্থানীয়দের অভিযোগ, কৈখালীসহ পুরো শ্যামনগর উপজেলার অলিগলি এখন মাদকাসক্তদের দখলে চলে যাচ্ছে। কিশোর-কিশোরী ও উঠতি বয়সের তরুণদের মধ্যে মাদকের বিস্তার সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে গণসংহতি আন্দোলন (জিএসএ) শ্যামনগর উপজেলা সভাপতি জিএম মাহফুজ বলেন, “উঠতি বয়সের স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়েরা ভয়াবহভাবে মাদকে জড়িয়ে পড়ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।”

সচেতন মহলের দাবি, সীমান্তবর্তী এই অঞ্চলকে মাদকমুক্ত করতে হলে নিয়মিত বিশেষ অভিযান, শক্ত নজরদারি এবং চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে ভবিষ্যৎ প্রজন্ম চরম ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা 

Spread the loveনিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com