Breaking News

তিন মাসেও কাজ শেষ হয়নি, ১৩ কালভার্ট কেটে ফেলে রাখায় কলারোয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে

Spread the love

কামরুল হাসান:
সাতক্ষীরার কলারোয়া পৌরসভার পালপাড়া থেকে মুরারীকাটি হাইস্কুল অভিমুখী আরসিসি সড়ক নির্মাণের নামে একসঙ্গে ১৩টি কালভার্ট কেটে ফেলে রাখায় গত তিন মাস ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। এতে করে ওই সড়কে মানুষ ও যানবাহনের চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুরারীকাটি পালপাড়া থেকে হাটখোলা অভিমুখী প্রায় ১ দশমিক ৭৫ কিলোমিটার আরসিসি সড়ক নির্মাণকাজ শুরু হয় একসঙ্গে সব কালভার্ট কেটে ফেলার মাধ্যমে। কিন্তু এরপর দীর্ঘ সময় ধরে কাজ বন্ধ থাকায় সড়কের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহন তো দূরের কথা, সাধারণ যানবাহনও এই পথে চলাচল করতে পারছে না।

এলাকাবাসীর অভিযোগ, যদি পর্যায়ক্রমে কালভার্ট কাটা হতো, তাহলে এমন ভোগান্তির সৃষ্টি হতো না। এছাড়া প্যালাসাইডিং ও কালভার্ট নির্মাণ কাজে অনুমোদিত নকশা অনুসরণ করা হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। কাজ শুরুর আগে বিদ্যুতের খুঁটি অপসারণের কথা থাকলেও তা করা হয়নি। নির্মাণসামগ্রীর মান নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

সম্প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে একটি লিখিত আবেদন সংশ্লিষ্ট দপ্তর ও কলারোয়া প্রেসক্লাবে পাঠানো হয়। বুধবার সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, কাটা কালভার্টগুলোর কারণে পথচারী ও যানবাহনকে অবর্ণনীয় দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।

এলাকাবাসী দ্রুত যথাযথ নিয়ম মেনে উন্নতমানের সামগ্রী ব্যবহার করে নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কলারোয়া পৌরসভার প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, ঠিকাদার ইতোমধ্যে আবার কাজ শুরু করেছেন। কাজটি দ্রুত শেষ করার জন্য তারা তৎপর রয়েছেন। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ১১ জুনের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Spread the loveকামরুল হাসান: কলারোয়ায় স্কুল পর্যায়ে স্কাউটস কর্মকাণ্ডে গতিশীলতা আনতে নির্বাহী কমিটির এক সভা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com