
নিজস্ব প্রতিনিধি:
আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জমির উদ্দীন গাজীকে বিএনপিতে যোগদানে বাধা এবং তাকে দলে অন্তর্ভুক্ত না করার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
আরো পড়ুন-
বাঁশের ভাসমান সাঁকোয় ঝুঁকি নিয়ে বেত্রবতী নদী পারাপার, আতঙ্কে দুই গ্রামের মানুষ
https://dainiksatkhira24.com/2026/01/12/betraboti-river-floating-bamboo-bridge-risk/
রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় আশাশুনির দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি বাজারের তিন রাস্তার মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। দরগাহপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জমির উদ্দীন গাজী চেয়ারম্যান থাকাকালে এলাকার বিএনপি নেতা-কর্মীদের ওপর চরম নির্যাতন চালিয়েছেন।
বক্তারা বলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে মিথ্যা মামলায় গ্রেপ্তারসহ বহু নেতা-কর্মীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের পেছনে তাঁর প্রত্যক্ষ ভূমিকা ছিল।
সমাবেশে আরও অভিযোগ করা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে জমির উদ্দীন গাজী নিজের অফিস ও স্থানীয় একটি দোকানে আগুন দিয়ে সেই ঘটনার দায় বিএনপি নেতা-কর্মীদের ওপর চাপিয়েছিলেন। বক্তারা এমন একজন ‘চিহ্নিত অপরাধী’ ও দীর্ঘদিনের আওয়ামী লীগ নেতাকে কোনোভাবেই বিএনপিতে ঠাঁই দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব জি এম হাফিজুর রহমান, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুসাইন, যুবদলের সাবেক সভাপতি শেখ ইয়াদ আলী, যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা আবু তাহের ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস ছাত্তার গাজীসহ আরও অনেকে।
সমাবেশ শেষে খরিয়াটি বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা জমির উদ্দীন গাজীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাকে বিএনপিতে অন্তর্ভুক্ত না করার জন্য কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি জোরালো দাবি জানান।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
