
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে চার দিন ধরে নিখোঁজ থাকার পর মনোরঞ্জন মন্ডল (নাম) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার শৈলখালী মাঠের একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মনোরঞ্জন মন্ডল উপজেলার কৈখালী ‘জাদা-ঘোলের চক’ এলাকার মৃত বেগমবার মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর নিজের কৃষিজমিতে কীটনাশক স্প্রে করতে যান মনোরঞ্জন মন্ডল। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্য ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। সোমবার সকালে স্থানীয়রা ধানক্ষেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য শাহিনুর রহমান জানান, মনোরঞ্জন মন্ডলের স্ত্রী বুদ্ধিপ্রতিবন্ধী। তাঁর সন্তানেরা সবাই বাইরে কাজ করেন। গত ২২ অক্টোবর কৃষিজমিতে কীটনাশক স্প্রে করতে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মনোরঞ্জন মন্ডল গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন। সোমবার সকালে শৈলখালী মাঠের একটি ধানক্ষেতে তাঁর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
তবে কী কারণে বা কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
