Breaking News

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল কবে, জানাল পিএসসি

Spread the love

নিউজ ডেস্ক:
৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সব প্রক্রিয়া ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসের শেষ সপ্তাহেই এই বিসিএসের চূড়ান্ত সুপারিশ করা হতে পারে। পিএসসি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, বর্তমানে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা বা ভাইভা চলছে এবং একই সঙ্গে ফলাফল দ্রুততম সময়ে প্রকাশের প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রিলিমিনারি থেকে মৌখিক বিসিএসের তিন ধাপ

একজন প্রার্থীকে বিসিএস ক্যাডার হওয়ার যাত্রায় তিনটি অত্যন্ত প্রতিযোগিতামূলক ধাপ অতিক্রম করতে হয়। ৪৬তম বিসিএসের প্রথম ধাপ বা প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ৩৭ হাজার ৯৮৬ জন প্রার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে ঢাকাসহ দেশের বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত পরীক্ষায় সশরীর অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন। প্রিলিমিনারি বাছাইয়ের পুনর্মূল্যায়িত ফলাফল অনুযায়ী মোট ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী দ্বিতীয় ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।

২০২৫ সালের জুলাই-আগস্ট মাসে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ওই বছরের ২৭ নভেম্বর। লিখিত পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণ ব্যক্তিদের মধ্য থেকে কারিগরি ত্রুটি সংশোধনের পর চূড়ান্তভাবে ৪ হাজার ৫০ জন প্রার্থী তৃতীয় ও চূড়ান্ত ধাপ অর্থাৎ মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হন। বর্তমানে এই ৪ হাজার ৫০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা চলছে। এই ধাপে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকেই মেধাতালিকা ও ক্যাডার পছন্দের ভিত্তিতে চূড়ান্ত ৩ হাজার ১৪০টি পদের জন্য চাকরিপ্রার্থীদের সুপারিশ করা হবে।

এই বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার ১৪০টি পদে ক্যাডার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। এর মধ্যে বরাবরের মতোই সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে; সহকারী সার্জন পদে ১ হাজার ৬৮২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এরপর শিক্ষা ক্যাডারে ৯২০ জন, প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পুলিশ ক্যাডারে ৮০ জন এবং পররাষ্ট্র ক্যাডারে ১০ জন নিয়োগ পাবেন। এ ছাড়া অন্যান্য কারিগরি ও পেশাগত ক্যাডারের বিভিন্ন পদেও নিয়োগের সুপারিশ করা হবে।

পিএসসির ভাষ্য, এবার লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নে আধুনিক ‘সার্কুলার ইভাল্যুশন সিস্টেম’ ব্যবহার করায় ফলাফল প্রকাশে অভাবনীয় গতি এসেছে। ৪৪তম বিসিএসের লিখিত ফলাফল প্রকাশে যেখানে ১৫ মাস লেগেছিল, সেখানে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল মাত্র তিন মাসের কম সময়ে প্রকাশিত হয়েছে। বর্তমান কমিশন এই দ্রুততা বজায় রেখেই জানুয়ারির শেষ নাগাদ চূড়ান্ত ফলাফল প্রকাশের লক্ষ্যে নিয়ে কাজ করছে।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম প্রথম আলোকে বলেন, ‘আমরা বিসিএস নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছি। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল আমরা রেকর্ড সময়ে দিয়েছি। বর্তমানে মৌখিক পরীক্ষা চলছে। আমাদের লক্ষ্যে হচ্ছে চলতি জানুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা, যাতে কয়েক হাজার যোগ্য প্রার্থী দ্রুত কর্মজীবনে প্রবেশ করতে পারেন।’

About dainiksatkhira24

Check Also

এনটিআরসিএ/৬৮ হাজার শিক্ষক নিয়োগে সপ্তম গণবিজ্ঞপ্তি আসছে

Spread the loveনিউজ ডেস্ক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে বেসরকারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com